আফগানিস্তানে বন্ধ ইন্টারনেট, টেলিযোগাযোগ সেবা বিপর্যস্ত

আফগানিস্তানে বন্ধ ইন্টারনেট, টেলিযোগাযোগ সেবা বিপর্যস্ত

সংগ্রহীত ছবি

গতকাল সোমবার আফগানিস্তানে দেশব্যাপী টেলিযোগাযোগ ব্যবস্থা বন্ধ করে দিয়েছে তালেবান সরকার। এর ফলে পুরো দেশজুড়ে ইন্টারনেট ব্ল্যাকআউট চলছে বলে জানিয়েছে ইন্টারনেট পর্যবেক্ষক সংস্থা নেটব্লকস। এএফপির প্রতিবেদনে এই খবর বলা হয়েছে। 

কয়েক সপ্তাহ আগে থেকেই ফাইবার-অপটিক ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করা শুরু করেছিল তালেবান।

তাদের দাবি, এই পদক্ষেপ ‘অশ্লীলতা রোধে’ নেওয়া হয়েছে।

বর্তমানে মোবাইল ইন্টারনেট, স্যাটেলাইট টিভি ও আন্তর্জাতিক সংবাদমাধ্যমের কাবুল অফিসগুলোর সঙ্গে যোগাযোগও মারাত্মকভাবে বিঘ্নিত হয়েছে। এফপির রিপোর্ট অনুযায়ী, দুপুর ৫টা ৪৫ মিনিট নাগাদ আফগানিস্তানের রাজধানী কাবুলে থাকা তাদের ব্যুরোর সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তেমনি হেরাত এবং কান্দাহার শহরের সাংবাদিকদের সঙ্গেও যোগাযোগ সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়।

সাইবার নিরাপত্তা পর্যবেক্ষণ সংস্থা ‘নেটব্লকস’ জানিয়েছে, ‘জাতীয়ভাবে টেলিকম ব্ল্যাকআউট কার্যকর হয়েছে। আমরা এখন দেশব্যাপী সংযোগের মাত্র ১৪ শতাংশ স্তরের অভিজ্ঞতা পাচ্ছি।’ তারা আরো জানিয়েছে, ‘এই ঘটনা ইচ্ছাকৃতভাবে করা হয়েছে।’

এই মাসের শুরুতে তালেবান কর্তৃপক্ষ আফগানিস্তানের বিভিন্ন অঞ্চলে ইন্টারনেট প্রবেশাধিকার সীমিত করতে শুরু করেছে।

যার ফলে কিছু এলাকায় উচ্চ গতির ইন্টারনেট সেবা কার্যত বন্ধ হয়ে যায়। গত কয়েক সপ্তাহ ধরে, ইন্টারনেট সংযোগগুলো ছিল অত্যন্ত ধীর বা বিচ্ছিন্ন। ফোন সেবাও অনেকাংশে ইন্টারনেটের মাধ্যমে পরিচালিত হয়।

নেটব্লকস সংস্থাটি এফপিকে জানিয়েছে, ‘ফাইবার অপটিক ইন্টারনেট সংযোগ শারীরিকভাবে বিচ্ছিন্ন করলে মোবাইল এবং ল্যান্ডফোন সেবাও বন্ধ হয়ে যাবে।’ তারা আরো উল্লেখ করেছে, ‘ইন্টারনেট সেবা বন্ধ করার সময় ফোন সেবা চালু রাখতে কিছু পরীক্ষা-নিরীক্ষার প্রয়োজন এটি হতে পারে।

বালখ প্রদেশের মুখপাত্র আতাউল্লাহ জায়েদ জানান, তালেবান নেতার আদেশে উত্তরের বালখ প্রদেশে ফাইবার অপটিক ইন্টারনেট পুরোপুরি নিষিদ্ধ করা হয়েছে। তিনি সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘এই পদক্ষেপ অশ্লীলতা প্রতিরোধের জন্য নেওয়া হয়েছে এবং দেশের বিভিন্ন অঞ্চলে বিকল্প সংযোগ ব্যবস্থা বসানো হবে।’

এসময় এফপি রিপোর্টে জানানো হয়, একই নিষেধাজ্ঞা উত্তরের বাদাখশান ও তাখার প্রদেশ, পাশাপাশি দক্ষিণের কান্দাহার, হেলমান্দ, নানগরহার এবং উরুজগান প্রদেশেও কার্যকর করা হয়েছে। ২০২৪ সালে কাবুল তার ৯ হাজার ৩৫০ কিলোমিটার দীর্ঘ ফাইবার অপটিক নেটওয়ার্ক মূলত সাবেক মার্কিন-সমর্থিত সরকারের সময় নির্মিত হয়েছিল। এই নেটওয়ার্ক আফগানিস্তানকে বিশ্বের সঙ্গে আরো সংযুক্ত করতে এবং দেশের দারিদ্র্য কমাতে সহায়ক হতে পারত। ২০২১ সালে তালেবান পুনরায় ক্ষমতায় আসার পর থেকে তারা ইসলামী আইন অনুযায়ী বিভিন্ন বিধিনিষেধ আরোপ করেছে।