নারীদের জন্য ঘুমের গুরুত্ব অপরিহার্য

নারীদের জন্য ঘুমের গুরুত্ব অপরিহার্য

নারীদের জন্য ঘুমের গুরুত্ব অপরিহার্য। ছবিঃ সংগৃহিত।

দিনভর কাজের মধ্যে সতেজ ও কর্মক্ষম থাকতে যেমন পর্যাপ্ত খাবার ও পানি প্রয়োজন, তেমনই প্রয়োজন যথেষ্ট ঘুম। বিশেষ করে একটানা ৭-৮ ঘণ্টা গভীর ঘুম আমাদের শরীর ও মনের জন্য অপরিহার্য। যদিও কারো একটু বেশি বা কম ঘুমের প্রয়োজন হতে পারে, তবুও ঘুমের অভাব মানসিক ও শারীরিক স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলে।

কয়েক রাত ঠিকমতো না ঘুমোলেই দেখা দিতে পারে মনোযোগের ঘাটতি, ভুল করা, সিদ্ধান্ত নেওয়ার অসুবিধা ইত্যাদি। এই সমস্যা কর্মজীবী নারীদের মধ্যে আরও বেশি দেখা যায়। কারণ অফিসের কাজের পাশাপাশি বাড়ির দায়িত্বও তাদের থাকে, যা চাপকে দ্বিগুণ করে। গবেষণায় দেখা গেছে, নারীদের ঘুমের প্রয়োজন পুরুষদের তুলনায় একটু বেশি, কারণ তাদের ঘুম তুলনামূলকভাবে হালকা হয় এবং সামান্য কোনো কারণে ভাঙতে পারে।

ঘুম কম হলে এর প্রভাব পড়ে হরমোনের ভারসাম্য, মানসিক স্বাস্থ্য, কর্মক্ষমতা এবং ব্যক্তিগত জীবনের ওপর। তাই নারীদের জন্য নিশ্চিন্ত ও নিরবচ্ছিন্ন ঘুম নেওয়া অত্যন্ত জরুরি।

নারীরা অনিদ্রা থেকে মুক্তি পেতে যা করতে পারেন

১. স্ক্রিন টাইম কমান
ঘুমের আগে টিভি, ল্যাপটপ বা মোবাইল ফোন ব্যবহার সীমিত করুন। এই স্ক্রিনের আলো মস্তিষ্ককে সতেজ রাখে, যার ফলে ঘুম আসতে দেরি হয়। শোবার অন্তত এক ঘণ্টা আগে এগুলো বন্ধ করুন। চাইলে হালকা গান শুনতে পারেন, তবে হেডফোন ছাড়া দূর থেকে।

২. খাওয়ায় সতর্ক থাকুন
ঘুমের সঙ্গে খাবারের সম্পর্ক গভীর। কফি, চা বা চকোলেটের মতো ক্যাফেইন যুক্ত খাবার ঘুমে ব্যাঘাত ঘটাতে পারে। তাই ঘুমের অন্তত ৬ ঘণ্টা আগে এই ধরনের খাবার এড়িয়ে চলুন। রাতের খাবার হালকা রাখুন; অতিরিক্ত তেল-মসলা হজমে সমস্যা তৈরি করে, ফলে ঘুমে ব্যাঘাত আসে।

৩. মানসিক চাপ হালকা করুন
অনেক সময় ঘুমাতে গেলে চিন্তা মাথায় ভিড় করে—কাজ, সংসার, ভবিষ্যতের পরিকল্পনা। এসব চাপ কমানোর একটি সহজ উপায় হলো লিখে ফেলা। ঘুমানোর আগে আপনার চিন্তা বা পরের দিনের টু-ডু লিস্ট লিখে রাখুন। এতে মানসিক চাপ কিছুটা হলেও কমবে।

দিনভর ব্যস্ততার পর নিজেকে একটু সময় দেওয়া জরুরি। সুস্থ ঘুম মানেই সুস্থ মন ও শরীর। তাই নিজের ভালোর জন্য আজ থেকেই ঘুমের যত্ন নেওয়া শুরু করুন।

সূত্র : আনন্দবাজার পত্রিকা