বগুড়ায় তালাবদ্ধ ঘর থেকে যুবতীর লাশ উদ্ধার
প্রতিকি ছবি
বগুড়ায় একটি তিনতলা বাড়ির কক্ষ থেকে জান্নাতি আক্তার (২৫) নামের এক নারীর অর্ধগলিত ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১ অক্টোবর) রাত ১১টার দিকে শহরের কলোনি চক ফরিদ এলাকায় এতিমখানা রোডে কক্ষের দরজা ভেঙে মরদেহটি উদ্ধার করা হয়।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান বাসির এ বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, জান্নাতি আক্তার আদমদীঘি উপজেলার সান্তাহার লকু সিভিল কলোনি এলাকার মাজেদ হোসেনের মেয়ে। তিনি চক ফরিদ এলাকার সোহেল রানার বাড়িতে ভাড়া থাকতেন।
বাড়ির মালিক জানান, প্রায় এক মাস আগে জান্নাতি ওই বাড়ির তিনতলায় একটি ইউনিট ভাড়া নেন। কিন্তু গত কয়েক দিন ধরে তার কোনো দেখা মিলছিল না। কক্ষের দরজা ভেতর থেকে বন্ধ ছিল। গতকাল বুধবার তার ঘর থেকে তীব্র পচা গন্ধ আসছিল।
আরও ভয়াবহ বিষয় ছিল, পচা রক্ত চুঁইয়ে চুঁইয়ে দরজার নিচ দিয়ে গড়িয়ে নিচে পড়ছিল। এরপর খবর দেওয়া হলে পুলিশ এসে তার গলিত মরদেহ উদ্ধার করে।
বগুড়া সদর থানা পুলিশ জানায়, বুধবার রাতে এসে তারা কক্ষের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। দরজাটি ভেতর থেকে লাগানো ছিল।
শয়নকক্ষের সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় তার মরদেহ ঝুলছিল। ধারণা করা হচ্ছে, তিনি দুই থেকে তিন দিন আগেই গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন। এ কারণেই তার মরদেহে পচন শুরু হয়েছিল। জান্নাতির স্বামীর বাড়ি চাঁপাইনবাবগঞ্জে। তার স্বামী তুরস্ক প্রবাসী বলে জানা গেছে। তবে ঠিক কী কারণে তিনি আত্মহত্যা করেছেন, তাৎক্ষণিকভাবে তা জানা সম্ভব হয়নি।
সদর থানার ওসি হাসান বাসির বলেন, ‘ময়নাতদন্তের জন্য মরদেহ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। জান্নাতির আত্মহত্যার কারণ উদঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে।’