নৌকাডুবিতে দুই শিশু নিখোঁজ: একজনের লাশ উদ্ধার

নৌকাডুবিতে দুই শিশু নিখোঁজ: একজনের লাশ উদ্ধার

প্রতিকি ছবি

গাজীপুরের কালিয়াকৈরে তুরাগ নদীতে বিজয়া দশমীতে একটি ইঞ্জিন চালিত নৌকাডুবিতে নিখোঁজ দুই শিশুর মধ্যে একজনের লাশ আজ সকালে উদ্ধার করা হয়েছে। কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার আহাম্মেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

লাশ উদ্ধার হওয়া শিশু অঙ্কিতা রানী দাস (৪) কালিয়াকৈর উপজেলার হিজলতলী এলাকার স্বপনের মেয়ে। নিহত ওই শিশু হলো- গাজীপুরের কালিয়াকৈর উপজেলার হিজলতলী এলাকার প্রভাষ মনি দাসের মেয়ে অঙ্কিতা (আড়াই বছর)। এখনো নিখোঁজ রয়েছে একই এলাকার তাপস চন্দ্র দাসের ছেলে তন্ময় মনি দাস (৮)।  

প্রত্যক্ষদর্শীরা জানায়, প্রতিমা বিসর্জন উপভোগ করতে শিশু অঙ্কিতা রানী ও তন্ময় মনি দাস পরিবারের সাথে ছোট্ট একটি ইঞ্জিন চালিত নৌকায় উঠে। নৌকাটি বিকেল সাড়ে পাঁচটার দিকে তুরাগ নদের চাপাইর ব্রীজের পশ্চিম পাশে পৌঁছালে ইঞ্জিন চালিত আরেকটি বড় নৌকার সাথে ধাক্কা লাগে। এতে মুহূর্তেই ডুবে যায় ইঞ্জিন চালিত ছোট ডিঙ্গি নৌকাটি। নৌকাটিতে থাকা নারী পুরুষসহ বেশ কয়েকজন তীরে উঠতে পারলেও ডুবে যায় দুই শিশু তন্ময় ও অঙ্কিতা। নৌকা ডুবির পর পরই স্থানীয়রা নিখোঁজ দুই শিশুকে উদ্ধারের চেষ্টা চালায়। তাদের বাড়ি কালিয়াকৈর উপজেলা দক্ষিণ হিজলতলী গ্রামে। 

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইফতেখার রায়হান চৌধুরী জানান, ঘটনার দিন ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার কার্যক্রম চালান। কিন্তু নিখোঁজ শিশুদের সন্ধান পাওয়া যায়নি। পরে শুক্রবার অঙ্কিতার মরদেহ উদ্ধার করেন ফায়ার সার্ভিসের ডুবুরিরা। নিখোঁজ তন্ময়ের সন্ধানে উদ্ধার কার্যক্রম চলমান।

কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার আহাম্মেদ জানান, শুক্রবার সকাল সাড়ে দশটার দিকে অঙ্কিতা রানী দাসেন (৪) লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। অন্য শিশুটির হদিস না পাওয়া পর্যন্ত উদ্ধার কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি জানিয়েছেন।