বিসিবি প্রকাশ করল আয়ারল্যান্ড সিরিজের সূচি

বিসিবি প্রকাশ করল আয়ারল্যান্ড সিরিজের সূচি

ফাইল ছবি

আয়ারল্যান্ডের সঙ্গে বাংলাদেশের আসন্ন সিরিজের সূচি প্রকাশ করেছে বিসিবি। এবারে দুই দল মুখোমুখি হবে দুটি টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচে। শনিবার (৪ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ সূচি প্রকাশ করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

এই সিরিজে বাংলাদেশের অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম ছুঁয়ে ফেলতে যাচ্ছেন একটি ঐতিহাসিক মাইলফলক। দেশের প্রথম ক্রিকেটার হিসেবে তিনি খেলতে যাচ্ছেন শততম টেস্ট ম্যাচ।

দুই ম্যাচের টেস্ট সিরিজে প্রথম ম্যাচটি মাঠে গড়াবে ১১ নভেম্বর, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। এটি হবে মুশফিকের ৯৯তম টেস্ট ম্যাচ। এরপর ঢাকায় ১৯ নভেম্বর শুরু হবে দ্বিতীয় টেস্ট, মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। সবকিছু ঠিক থাকলে, সেখানেই শততম টেস্ট খেলবেন মুশফিক।

এখন পর্যন্ত ৯৮টি টেস্টে ১২টি সেঞ্চুরির মাধ্যমে ৬ হাজার ৩২৮ রান করেছেন তিনি। যদিও ওয়ানডে ও আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে এরইমধ্যে অবসর নিয়েছেন মুশফিক।

আয়ারল্যান্ড দল ৬ নভেম্বর বাংলাদেশে পা রাখবে। টেস্ট সিরিজের পর, দুই দল চট্টগ্রামে যাবে টি-টোয়েন্টি সিরিজ খেলতে। তিনটি ম্যাচই অনুষ্ঠিত হবে বীরশ্রেষ্ঠ শহীদ মতিউর রহমান স্টেডিয়ামে, যথাক্রমে ২৭ ও ২৯ নভেম্বর এবং ২ ডিসেম্বর। সবগুলো ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৬টায়।