ভাষাসৈনিক আব্দুল করিম সরকার আর নেই

ভাষাসৈনিক আব্দুল করিম সরকার আর নেই

সংগৃহীত ছবি

ভাষা আন্দোলনের গর্বিত সৈনিক, বরেণ্য আইনজীবী ও কুড়িগ্রাম জজ কোর্টের সাবেক কৌঁসুলি (জিপি) অ্যাডভোকেট আব্দুল করিম সরকার মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শুক্রবার (১৭ এপ্রিল) রাতে কুড়িগ্রাম শহরের পশ্চিম মুন্সিপাড়া রেলগেট সংলগ্ন নিজ বাসায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৪ বছর।

স্থানীয় সূত্র জানায়, আব্দুল করিম সরকার ১৯৫২ সালে মেট্রিকুলেশন পাস করেন।

কর্মজীবনের শুরুতে তিনি খাদ্য বিভাগে চাকরি করেন। পরে আইন পেশায় যুক্ত হয়ে ১৯৭৩ সালে কুড়িগ্রাম জেলা আইনজীবী সমিতিতে যোগদান করেন। দীর্ঘদিন সুনামের সঙ্গে আইন পেশায় দায়িত্ব পালনের পর ১৯৯২ সালে কুড়িগ্রাম জজ কোর্টের সরকারি কৌঁসুলি (জিপি) হিসেবে দায়িত্ব পালন করেন।

তিনি শুধু একজন দক্ষ আইনজীবীই নন, বরং ভাষা আন্দোলনের একজন নিবেদিতপ্রাণ সৈনিক ও লেখক হিসেবেও পরিচিত ছিলেন।

শনিবার সকাল ১১টায় জানাজা  শেষে তার লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

তার মৃত্যুতে জেলার আইন অঙ্গনসহ বিভিন্ন রাজ‌নৈ‌তিক ও পেশাজীবী মানুষ শোক প্রকাশ করেছেন।