১২ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগে রূপগঞ্জে আটক এক

১২ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগে রূপগঞ্জে আটক এক

সংগ্রহীত ছবি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ১২ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে নুরুল ইসলাম (৫০) নামে এক ব্যক্তিকে আটক করেছে রূপগঞ্জ থানা পুলিশ।

মঙ্গলবার (৭ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার গোলাকান্দাইল নতুন বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত নুরুল ইসলাম কিশোরগঞ্জ সদর উপজেলার রঘুনন্দনপুর এলাকার বাসিন্দা।

রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) তারিকুল ইসলাম বলেন, গত ২ অক্টোবর রাতে গোলাকান্দাইল নতুন বাজার এলাকায় ১২ বছরের এক কিশোরী বাড়ির সামনে রাস্তায় হাটতে গেলে নুরুল ইসলাম কৌশলে তাকে পাশের নির্জন স্থানে নিয়ে যায় এবং জোরপূর্বক ধর্ষণ করে।

এসময় কিশোরী চিৎকার শুরু করলে বিষয়টি কাউকে না জানাতে ভয়ভীতি প্রদর্শন করে।

পরে ওই কিশোরী অসুস্থ হয়ে পড়লে তার মা বিষয়টি জানতে চাইলে সে পুরো ঘটনার বর্ণনা দেয়। এরপর শিশুটির মা মঙ্গলবার (৭ অক্টোবর) রূপগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ রাতেই অভিযান চালিয়ে নুরুল ইসলামকে আটক করে।

ওসি তারিকুল ইসলাম আরো বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে নুরুল ইসলাম ধর্ষণের কথা স্বীকার করেছে। কিশোরীকে চিকিৎসা ও প্রমাণ সংগ্রহের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

বুধবার (৮ অক্টোবর) সকালে গ্রেপ্তারকৃত নুরুল ইসলামকে আইনি প্রক্রিয়া সম্পূর্ণ করে আদালতের মাধ্যমে নারায়ণগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।