মধ্যরাতে জিরানী মার্কেটে ভয়াবহ আগুন, পুড়ল দশ দোকান
সংগ্রহীত ছবি
সাভারের অদূরে গাজীপুরের জিরানী বাজারে একটি মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় পুড়ে গেছে কমপক্ষে ১০টি দোকান ঘর। শনিবার (১১ অক্টোবর) মধ্যরাতে জি ইপিজেড ফায়ার সার্ভিসের কর্মকর্তা জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগেই পুড়ে ছাই হয়ে গেছে অন্তত ১০টি দোকান।
শনিবার দিবাগত রাত ১টার দিকে গাজীপুরের জিরানী বাসস্ট্যান্ডে একটি মার্কেটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের আঞ্চলিক পরিচালক প্রণব চৌধুরী জানান, রাত ১টার দিকে জিরানী বাসস্ট্যান্ডের একটি মার্কেটে আগুন লাগার খবর পেয়ে তাৎক্ষণিক ডিইপিজেড ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে গাজীপুরের কালিয়াকৈর ফায়ার সার্ভিসের আরো একটি ইউনিট এসে যোগ দেয়। এসময় ফায়ার সার্ভিসের এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
এ ঘটনায় ১০টি অধিক দোকান পুড়ে গেছে।
তবে প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাশাপাশি ঘটনাস্থলে সেনাবাহিনী সদস্যরা নিয়োজিত রয়েছেন।
এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।