হাত-পায়ের চামড়া ওঠে এই ভিটামিনের অভাবে

হাত-পায়ের চামড়া ওঠে এই ভিটামিনের অভাবে

ছবি: সংগৃহীত

শীতকালে অনেকে হাত-পা ফেটে যায় কিংবা চামড়া ওঠে। কিন্তু কারো যদি সারাবছরই হাতে পায়ের চামড়া ওঠে তাহলে তা স্বাস্থ্যের জন্যও সতর্কবার্তা বলা হয়। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় এই অবস্থাকে ‘কেরাটোলাইসিস এক্সফোলিয়াটিকা (Keratolysis Exfoliatica) বলা হয়। 

হাত পায়ের চামড়া ওঠে কেন? 

বিশেষজ্ঞদের মতে, হাতে-পায়ে চামড়া ওঠার পেছনে একাধিক কারণ থাকতে পারে 

  • বংশগত বা জিনগত কারণ
  • ত্বকের পুষ্টিহীনতা ও পরিচর্যার অভাব
  • অতিরিক্ত ডিহাইড্রেশন (পানিশূন্যতা)
  • রোদে পোড়া বা অতিরিক্ত ঠান্ডা লাগা
  • ঘন ঘন হাত ধোওয়া বা রাসায়নিকের সংস্পর্শে আসা
  • শুষ্ক ত্বক ও ব্যাকটেরিয়া সংক্রমণ
  • দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতা
  • একজিমা বা এরিথ্রোডার্মা

তবে চিকিৎসকদের মতে, এর সবচেয়ে বড় কারণ ভিটামিনের ঘাটতি। কোন কোন ভিটামিনের অভাবে হাত-পায়ের চামড়া ওঠে? চলুন জেনে নিই- 

ভিটামিন এ (Vitamin A): 

দৃষ্টিশক্তি ভালো রাখতে এবং ত্বকের কোষ পুনর্গঠনে সাহায্য করে ভিটামিন এ। এর অভাবে ত্বক রুক্ষ ও শুষ্ক হয়ে যায়। দেখা দেয় চামড়া ওঠা সমস্যা। ভিটামিন এ’র কিছু উৎস: মিষ্টি কুমড়া, গাজর, পাকা পেঁপে, পালং শাক, দুধ, ডিম।

ভিটামিন বি১২ (Vitamin B12): 

লাল রক্তকণিকা তৈরি এবং স্নায়ুর কার্যকারিতায় ভূমিকা রাখে ভিটামিন বি১২। এর অভাবে শরীরে ক্লান্তি, ত্বকের রঙ পরিবর্তন এবং কোষ ক্ষয় দেখা দিতে পারে। এই ভিটামিনের কিছু উৎস: মাছ, মাংস, ডিম, দুধ, দই, ছোলা।

ভিটামিন সি (Vitamin C): 

ত্বকের স্থিতিস্থাপকতা বজায় রাখতে এবং ক্ষত নিরাময়ে সাহায্য করে ভিটামিন সি। এটি অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবেও কাজ করে, কোষকে রক্ষা করে। এই ভিটামিনের অভাবে চামড়া ওঠা সমস্যা দেখা দেয়। ভিটামিন সি’র কিছু উৎস হলো- কমলা, লেবু, পেয়ারা, আমলকি, টমেটো।

ভিটামিন ডি (Vitamin D): 

হাড় মজবুত রাখার পাশাপাশি ইমিউন সিস্টেমকে সক্রিয় রাখে ভিটামিন ডি। এর ঘাটতিতে শরীরে ব্যথা, ক্লান্তি ও ত্বকের সমস্যা দেখা দেয়। এই ভিটামিনের উৎস হলো- রোদে থাকা, মাছ, ডিমের কুসুম, দুধ

ভিটামিন ই (Vitamin E):

ত্বকের রক্ষাকবচ হিসেবে কাজ করে ভিটামিন ই। এটি ত্বককে মসৃণ রাখে ও মৃত কোষের পুনর্জন্ম ঘটায়। ভিটামিন ই’র অভাবে ত্বক খসখসে হয়ে ছাল উঠতে পারে। এর উৎস: তৈলাক্ত মাছ, আভোকাডো, বাদাম, সূর্যমুখী তেল, অঙ্কুরিত শস্য।

চিকিৎসকদের মতে, শরীরে ভিটামিন বি৩-এর অভাব এবং ভিটামিন এ-এর অতিরিক্ত উপস্থিতি থাকলেও হাতে-পায়ের চামড়া উঠতে পারে। খাদ্যতালিকায় রাখুন প্রচুর সবুজ শাকসবজি, ফলমূল, ডিম, দুধ, ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ খাবার। এতে শরীর যেমন সুস্থ থাকবে, ত্বকও হবে উজ্জ্বল ও কোমল। 

হাতে-পায়ে চামড়া ওঠা অবহেলা করার মতো বিষয় নয়। যদি নিয়মিত এমনটা দেখতে পান, তবে প্রথমে খাদ্যাভ্যাস ঠিক করুন। এরপরও না কমলে অবশ্যই চর্মরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিন।