সংসারে ছোট ছোট প্রশংসাই সম্পর্ক মজবুত করে

সংসারে ছোট ছোট প্রশংসাই সম্পর্ক মজবুত করে

ছবিঃ সংগৃহীত।

অনেকেই ভাবেন, সম্পর্ককে বড় ঘটনা বা উপলক্ষ বিশেষ করে তোলে । তবে সম্পর্ককে বিশেষ করে তুলতে সব সময় খুব বড় কোনো চেষ্টা বা পরিকল্পনার প্রয়োজন পড়ে না। সম্পর্কের বিশেষত্ব শুধু পারস্পরিক ভালোবাসা বা সমর্থনের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং প্রতিদিন একে অন্যের প্রতি কৃতজ্ঞতা ও সর্ব সমক্ষে প্রশংসা প্রকাশ করার অভ্যাসেও লুকিয়ে রয়েছে এর শক্তি। প্রতিদিনের ছোট ছোট কিছু অভ্যাস সঙ্গীর সঙ্গে সুন্দর সম্পর্ক বজায় রাখতে সাহায্য করে।

সম্পর্কে কি প্রতিদিনের প্রশংসা জরুরি?

বিশেষজ্ঞদের মতে, ভালোবাসার মৌখিক প্রকাশ বা নিজের আচরণের মধ্যে দিয়ে তা ব্যক্ত করা মনে একটা নিরাপত্তার অনুভূতি দেয়। সুস্থ সম্পর্কের মূল ভিত্তি হলো পারস্পরিক সম্মান, বিশ্বাস, সহানুভূতি, ঘনিষ্ঠতা, সুস্থ যোগাযোগ এবং ব্যক্তিগত সীমারেখার প্রতি শ্রদ্ধা।

যখন আমরা কাউকে প্রশংসা করি বা কৃতজ্ঞতা প্রকাশ করি, তখন সেই মানুষটি অনুভব করেন যে তাঁকে গুরুত্ব দেওয়া হচ্ছে। এতে সম্পর্কের প্রতি ইতিবাচক মনোভাব আরও শক্তিশালী হয়, সঙ্গী নিজেকে গুরুত্বপূর্ণ বলে মনে করেন।

সঙ্গীর সমর্থন কী ভাবে আত্মবিশ্বাস বাড়ায়?

বিশেষজ্ঞদের মতে, একটি নিরাপদ ও সহায়ক সম্পর্ক মানুষের আত্মবিশ্বাস এবং মানসিক সুস্থতার উপর গভীর প্রভাব ফেলে। মনোবিজ্ঞানী জন বোলবির ‘অ্যাটাচমেন্ট থিয়োরি’ অনুসারে, শৈশবে যত্নশীল ব্যক্তির সঙ্গে গড়ে ওঠা সম্পর্ক ভবিষ্যতের সব সম্পর্কের ভিত্তি তৈরি করে।

যখন একজন ব্যক্তি তার সঙ্গীর কাছ থেকে সমর্থন ও স্বীকৃতি পান, তখন তিনি নিজেকে আরও সক্ষম, প্রিয় এবং গুরুত্বপূর্ণ বলে অনুভব করেন। এর ফলে আত্মসম্মান বৃদ্ধি পায় এবং ব্যক্তিগত বিকাশের পথও সুগম হয়।

কথার পাশাপাশি কাজেও প্রকাশ পাক ভালোবাসা

দীর্ঘমেয়াদি সম্পর্কে শুধু কথার মাধ্যমে নয়, কাজের মাধ্যমেও ভালোবাসা প্রকাশ করা জরুরি। একসঙ্গে সময় কাটানো, কঠিন সময়ে পাশে থাকা, ছোটখাটো সাহায্য করা বা শারীরিক ও মানসিক ঘনিষ্ঠতা-এসবই সম্পর্ককে গভীর করে।

বিশেষজ্ঞদের মতে, মানুষ সময়ের সঙ্গে বদলায়। তাই সম্পর্কেও পরিবর্তন আসে। এই পরিবর্তনকে গ্রহণ করে খোলামেলা আলোচনা, একে অন্যের পছন্দ-অপছন্দকে সম্মান করা এবং স্বাস্থ্যকর যোগাযোগ বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সম্পর্কে বড় কোনো উপহার বা বিশেষ উপলক্ষের অপেক্ষা না করে প্রতিদিনের ছোট ছোট প্রশংসা, কৃতজ্ঞতা এবং সমর্থনের প্রকাশই একটি সম্পর্ককে দীর্ঘস্থায়ী, সুখী ও মজবুত করে তুলতে পারে

সূত্র: সাইকোলজি টুডে, মিডিয়াম, টাইমস অব ইন্ডিয়া অন্যান্য