রাজবাড়ীতে ঘরে ঢুকে গলা কেটে হত্যা
প্রতিকি ছবি
রাজবাড়ীর গোয়ালন্দে নিজ ঘরে ঢুকে ফারুক শেখ (৪৫) এক চায়ের দোকনদারকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার দুপুরে গোয়ালন্দ উপজেলার জামতলা বাজার সংলগ্ন ইছাক মিয়া পাড়ায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা বলেন, ফারুক গোয়ালন্দের দৌলতদিয়াতে চায়ের দোকান করতেন। সংসার জীবনে তিনি ছয়টি বিয়ে করলেও সবার সাথে বিবাহ বিচ্ছেদ হয়ে যায়।
যে কারণে তিনি একাই ঘরে থাকতেন।
নিহতের বড় ভাই ফরিদ বলেন, দুপুর ২টার কিছুক্ষণ পর ফারুকের ঘরে ভাত দিতে এসে মেঝেতে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখি। ফারুককে গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা পালিয়ে গেছে। ঘটনাস্থলে জেলা পুলিশ ও সিআইডির ক্রাইমসিন ইউনিট রয়েছে।
রাজবাড়ীর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ বলেন, ক্ষোভের কারণে চায়ের দোকানদার ফারুক শেখকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। বিভিন্ন বিষয়ে পুলিশ তথ্য সংগ্রহ করছেন। ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারের চেষ্টা করছে পুলিশ