রাজধানীর পল্লবীতে পোশাক কারখানায় আগুন, পুড়েছে মালপত্র

রাজধানীর পল্লবীতে পোশাক কারখানায় আগুন, পুড়েছে মালপত্র

সংগ্রহীত ছবি

রাজধানীর পল্লবী থানাধীন কালশী রোডে একটি বহুতল ভবনের ছয়তলায় পোশাক কারখানায় আগুন লেগে মালপত্র পুড়েছে। গতকাল শুক্রবার রাত ১০টার পর বিবাহবাড়ি কমিউনিটি সেন্টার ভবনে ওই অগ্নিকাণ্ড ঘটে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া শাখার স্টেশন অফিসার তালহা বিন জসিম এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ১০টা ১২ মিনিটে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস।

১৫ মিনিটের মধ্যে পল্লবী ফায়ার স্টেশনের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। এরপর মোট সাতটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। রাত ১২টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

তালহা বিন জসিম বলেন, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।

আগুন পুরোপুরি নেভানোর পর ক্ষয়ক্ষতির হিসাব বলা যাবে। তবে অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ১০টার দিকে হঠাৎ করে ভবনটির ছয়তলায় বিস্ফোরণের শব্দ হয়। এরপর ফ্লোরটির বিভিন্ন জানালা থেকে আগুনের লাভা বের হতে থাকে।

ঘটনাস্থলের আশপাশে লোকজনের ভিড় জমে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে হাজির হন। রাত সোয়া ১১টার দিকে আগুন অনেকটাই নিয়ন্ত্রণে চলে আসে।

স্থানীয় বাসিন্দা মো. বিপ্লব কালের কণ্ঠকে বলেন, ভবনটির নিচতলা ও দোতলায় কমিউনিটি সেন্টার। ওপরের ফ্লোরগুলো পোশাক কারখানা হিসেবে ব্যবহৃত হচ্ছে।

শুক্রবার ওই কারখানাগুলো বন্ধ থাকে।

কারখানাটির দুজন অংশীদারের মধ্যে একজন মো. সাইফুল। কালের কণ্ঠকে তিনি বলেন, কিভাবে আগুন লেগেছে, তা বলতে পারছি না। আজ কারখানা বন্ধ ছিল। কারখানাটিতে প্রায় ১০ লাখ টাকার যন্ত্রপাতি আছে। এ ছাড়া কিছু কাজের অর্ডার ছিল। ধারণা করছি, সব মিলিয়ে ১৫ লাখ টাকার ক্ষতি হতে পারে।