মুশফিকের শততম টেস্ট ম্যাচ নিয়ে বিসিবির বিশেষ পরিকল্পনা

মুশফিকের শততম টেস্ট ম্যাচ নিয়ে বিসিবির বিশেষ পরিকল্পনা

সংগৃহীত ছবি

আগামী মাসে ঘরের মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে দুটি টেস্ট ম্যাচ খেলবে বাংলাদেশ দল। আর এই সিরিজ দিয়ে বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসাবে শততম টেস্ট ম্যাচ খেলবেন মুশফিকুর রহিম। আর তার এই মাইলফলককে স্মরণীয় করে রাখতে বিশেষ পরিকল্পনা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিসিবির ক্রিকেট পরিচালনা কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম বলেন, অবশ্যই আমাদের এই মাইলফলক উদযাপন করা উচিত। সারা দেশে আমরা সেই চেষ্টা করব। সবাইকে জানানো উচিত যে, একশ টেস্ট ম্যাচ খেলা আমাদের মতো দেশের ক্রিকেটারদের জন্য সহজ কাজ নয়। সেই কাজটাই করতে যাচ্ছে মুশফিক। এটা অনেক বড় ব্যাপার।

সময়সূচি অনুযায়ী, ৬ নভেম্বর ঢাকায় পৌঁছাবে আয়ারল্যান্ড। এরপর তারা চলে যাবে সিলেট। চায়ের শহরের সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ১১ নভেম্বর থেকে সিরিজের প্রথম টেস্টে মুখোমুখি হবে বাংলাদেশ ও আয়ারল্যান্ড। 

এরপর দ্বিতীয় টেস্ট ১৯ নভেম্বর ঢাকার শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে। এটি হবে বাংলাদেশ ও আয়ারল্যান্ডের মধ্যে প্রথম পূর্ণাঙ্গ টেস্ট সিরিজ।

টেস্ট সিরিজ শেষে দুই দল চলে যাবে চট্টগ্রামে। টি-টোয়েন্টি ম্যাচগুলো অনুষ্ঠিত হবে বীর শ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে। ম্যাচগুলোর হবে ২৭, ২৯ নভেম্বর ও ২ ডিসেম্বর।