কমনওয়েলথ প্রতিনিধি দলের সঙ্গে জাতীয় পার্টির বৈঠক

কমনওয়েলথ প্রতিনিধি দলের সঙ্গে জাতীয় পার্টির বৈঠক

ছবিঃ সংগৃহীত

কমনওয়েলথের ‘ইলেকটোরাল সাপোর্ট’ শাখা উপদেষ্টা এবং ‘প্রি-ইলেকশন অ্যাসেসমেন্ট’ প্রধান লিনফোর্ড অ্যান্ড্রুজের নেতৃত্বে বাংলাদেশ সফররত একটি প্রতিনিধি দল জাতীয় পার্টির নেতাদের সঙ্গে বৈঠক করেছে।

মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে রাজধানীর গুলশানে হোটেল রেনেসাঁসে এ বৈঠক অনুষ্ঠিত হয়। 

জাতীয় পার্টির পক্ষে বৈঠকে নেতৃত্ব দেন দলটির চেয়ারম্যান সাবেক পররাষ্ট্রমন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ। এ সময় জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, নির্বাহী চেয়ারম্যান অ্যাডভোকেট মুজিবুল হক চুন্নু ও জাতীয় পার্টির চেয়ারম্যানের আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত সদস্য মাসরুর মওলা উপস্থিত ছিলেন। 

বৈঠকে দেশের চলমান রাজনীতি, জুলাই সনদ, সংস্কার প্রক্রিয়া, আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার, আগামী জাতীয় সংসদ নির্বাচনে আগে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা, মানবাধিকার পরিস্থিতি, জাতীয় পার্টির নেতাদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার, বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা প্রত্যাহারসহ দেশের সামগ্রিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যানের আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত মাসরুর মওলা।

কমনওয়েলথের ‘ইলেকটোরাল সাপোর্ট’ শাখা উপদেষ্টা ও ‘প্রি-ইলেকশন অ্যাসেসমেন্ট’ প্রধান লিনফোর্ড অ্যান্ড্রুজ ছাড়াও জাপার সঙ্গে বৈঠকে কমনওয়েলথ প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন ড. দিন উষা পণ্ডিতরত্ন, ন্যান্সি কানিয়াগো, মি. সার্থক রায়, মিসেস ম্যাডোনা লিঞ্চ। 

বৈঠকের বিষয় নিয়ে জাতীয় পার্টির চেয়ারম্যানের আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত মাসরুর মাওলা বলেন, ‘কমনওয়েল প্রতিনিধি দলের সদস্যরা আমাদের পার্টির চেয়ারম্যানের কাছে জানতে চেয়েছেন, জাতীয় পার্টির নির্বাচনে অংশগ্রহণ করবে কি না? জবাবে পার্টির চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ তাদের বলেছেন, “জাতীয় পার্টির নির্বাচনমুখী দল। সব সময় নির্বাচন অংশগ্রহণ করতে প্রস্তুত রয়েছে।”

সে কারণে নির্বাচনের আগে ভয়-ভীতি মুক্ত ও আতঙ্কহীনভাবে সকল রাজনৈতিক দলের প্রার্থীরা নির্বাচনী প্রচারণায় অংশ নিতে পারে সে ধরনের স্থিতিশীল পরিবেশ নিশ্চিত করার উপর গুরুত্বারোপ করেন দলটির নেতারা।