হাতিয়ায় ১৪০ টন কয়লাসহ আটক ২

হাতিয়ায় ১৪০ টন কয়লাসহ আটক ২

সংগৃহীত ছবি

নোয়াখালীর হাতিয়ায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চোরাই কয়লা ও চারটি কার্গোবোটসহ দুই চোরাকারবারিকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

সোমবার (৩ নভেম্বর) দুপুর ২টায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (১ নভেম্বর) দুপুর ২টা ৩০ মিনিটে কোস্ট গার্ড স্টেশন হাতিয়া ও রামগতি যৌথভাবে হাতিয়া থানাধীন টাংকির খাল সংলগ্ন মেঘনা নদীতে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালীন সন্দেহজনকভাবে চলাচলরত চারটি ইঞ্জিনচালিত কাঠের বোটে তল্লাশি চালিয়ে বৈধ কাগজপত্রবিহীন প্রায় ৩৫ লাখ টাকা মূল্যের ১৪০ টন কয়লা ও দুইজন চোরাকারবারীকে আটক করা হয়।

আটক দুই ব্যক্তি হলেন- সুখচর ইউনিয়নের কলাপাড়া গ্রামের জহিরুল ইসলামের ছেলে ইয়াছিন আরাফাত (২৯) এবং চরইশ্বর ইউনিয়নের মো. বেলাল হোসেনের ছেলে শাহেদ মিয়া (৩৩)। 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকৃতরা স্বীকার করেছেন, চট্টগ্রামের বহির্নোঙরে এলাকায় অবস্থানরত একটি বাণিজ্যিক জাহাজ থেকে অসদুপায় অবলম্বন করে কয়লাগুলো সংগ্রহ করা হয়েছিল। পরে জব্দকৃত কয়লা, চোরাই কাজে ব্যবহৃত বোট ও আটককৃত দুই জনকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হাতিয়া থানায় হস্তান্তর করা হয়।

লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক আরও বলেন, বাংলাদেশ কোস্ট গার্ড উপকূলীয় এলাকায় অপরাধ দমন ও চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।