ময়মনসিংহের ফুলপুরে বাসচাপায় নিহত ১
প্রতিকী ছবি
ময়মনসিংহের ফুলপুরে বাসের চাপায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।
বুধবার (৫ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার ঢাকা-শেরপুর মহাসড়কের সাহাপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
ওই মোটরসাইকেল চালকের নাম মারুফ হাসান (৩০)। তিনি উপজেলার সিংহেশ্বর ইউনিয়নের কুঠুরাকান্দা গ্রামের নুরু মিয়ার ছেলে।
ফুলপুর থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, মারুফ হাসান বুধবার সন্ধ্যার পর ফুলপুর থেকে নিজ বাড়িতে মোটরসাইকেলে করে ফিরছিলেন। এ সময় শেরপুর থেকে ছেড়ে আসা বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ সময় উপস্থিত বিক্ষুব্ধ জনতা ঢাকা-শেরপুর মহাসড়কের রাস্তায় যান চলাচল বন্ধ করে দেন।
পরে ফুলপুর থানা পুলিশ ঘটনার খবর পেয়ে স্থানীয়দের সঙ্গে কথা বলে যানচলাচল স্বাভাবিক করেন।
ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হাদি বলেন, মরদেহ থানায় রয়েছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে। আইনানুসারে যুবকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরের চেষ্টা চলছে।