আজ গণপরিবহন চালানোর ঘোষণা মালিক সমিতির

আজ গণপরিবহন চালানোর ঘোষণা মালিক সমিতির

সংগ্রহীত ছবি

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ঘোষিত ১৩ নভেম্বরের কর্মসূচির দিনও সারা দেশে গণপরিবহন চলাচল স্বাভাবিক থাকবে বলে ঘোষণা দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি। গতকাল এই তথ্য নিশ্চিত করেন সংগঠনটির যুগ্ম সাধারণ সম্পাদক কাজী মো. জোবায়ের মাসুদ।

তিনি জানান, অন্যান্য দিনের মতো আগামীকালও (বৃহস্পতিবার) সড়কে গণপরিবহন চলবে। একই সঙ্গে সংগঠনটির পক্ষ থেকে পরিবহন মালিক ও শ্রমিকদের সতর্কভাবে চলাচলের নির্দেশ দেওয়া হয়েছে।

 

পরিবহন মালিক সমিতি আরো জানায়, কোথাও যাতে কোনো বাসে অগ্নিকাণ্ড না ঘটে, সে জন্য পরিবহন মালিক এবং প্রতিটি বাস টার্মিনালের সংশ্লিষ্ট ব্যক্তিদের সতর্ক করে চিঠি দেওয়া হয়েছে। চিঠিতে বাসগুলোতে আবশ্যিকভাবে অগ্নিনির্বাপক যন্ত্র ব্যবহারের কথাও বলা হয়েছে।

 

এদিকে শ্রমিকদের বিক্ষোভের বিষয়ে মালিক সমিতি জানায়, ১০ নভেম্বর রাতে ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় একটি বাসে দুর্বৃত্তদের আগুন দেওয়ার ঘটনায় এক পরিবহন শ্রমিক দগ্ধ হয়ে মারা যান এবং আরো দুজন শ্রমিক আহত হন। এর প্রতিবাদে আজ (বুধবার) ঢাকাসহ দেশের সব বাস টার্মিনালে বিক্ষোভ করেছেন পরিবহন শ্রমিকরা।