‘প্রিন্স’এ শাকিবের প্রধান নায়িকা হচ্ছেন তাসনিয়া ফারিণ

‘প্রিন্স’এ শাকিবের প্রধান নায়িকা হচ্ছেন তাসনিয়া ফারিণ

ছবি: সংগৃহীত

কয়েকদিন থেকে গুঞ্জন ভেসে বেড়াচ্ছে শাকিবের নায়িকা হচ্ছেন তাসনিয়া ফারিণ। এও শোনা যাচ্ছে কলকাতার অভিনেত্রী ইধিকা পালের থাকার কথা থাকলেও শেষ পর্যন্ত তিনি বাদ পড়তে পারেন! তবে গুঞ্জনের মধ্যেই এবার ভেসে এলো সত্যিই ঢাকাই সিনেমার শীর্ষ তারকা শাকিব খানের নতুন সিনেমা ‘প্রিন্স’এ প্রধান নায়িকা হিসেবে চূড়ান্ত হয়েছেন জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ। 

বিশ্বস্ত সূত্র জানায়, সিনেমার মূল নায়িকা চরিত্রে অভিনয়ের কথা ছিল কলকাতার অভিনেত্রী ইধিকা পালের, তবে পারিশ্রমিক বেশি চাওয়ায় তাকে আর রাখা হয়নি। তার জায়গায় প্রধান চরিত্রটি পাচ্ছেন ফারিণ। আর ফারিণের আগের নির্ধারিত চরিত্রে নিয়োগ দেওয়া হবে আরও এক নতুন নায়িকাকে।

প্রথমবারের মতো চলচ্চিত্র প্রযোজনায় নাম লিখিয়েছেন শিরিন সুলতানা। তার প্রতিষ্ঠান ‘ক্রিয়েটিভ ল্যান্ড’-এর ব্যানারে সিনেমাটি নির্মাণ করছেন পরিচালক আবু হায়াত মাহমুদ। গল্প ও চিত্রনাট্য করেছেন মেজবাহ উদ্দিন সুমন, সহযোগিতায় ছিলেন মোহাম্মদ নাজিম উদ্দিন।

ক্রিয়েটিভ ল্যান্ড ফিল্মসের ফেসবুক পেজে ফারিণের যুক্ত হওয়ার বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী ঈদুল ফিতরেই মুক্তি পাবে শাকিব–ফারিণ জুটির এই প্রতীক্ষিত সিনেমা। নতুন জুটির রসায়ন দেখার অপেক্ষায় এখন দর্শক।