সিলেটে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, আটক ৪
প্রতিকি ছবি
সিলেট মহানগরীতে ঝটিকা মিছিল করেছে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ। এ সময় অভিযান চালিয়ে চারজনকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে মহানগরীর নবাব রোড এলাকায় মিছিলটি অনুষ্ঠিত হয়। সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খানের নির্দেশে তার অনুসারীরা এ মিছিল করেছেন বলে জানা গেছে।
২০২৪ সালের ৫ আগস্ট ফ্যাসিস্ট শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে নাসির উদ্দিন খান ভারতে অবস্থান করছেন।
এদিকে, মিছিলের খবর পেয়ে কোতোয়ালী থানা পুলিশ অভিযান চালিয়ে চারজনকে আটক করে।
আটকরা হলেন— ইব্রাহিম মোস্তফা মাহি, সানিয়াদ আহমদ, রেদওয়ান আহমদ রাব্বি ও আশরাফুল আহমদ শাফি। পুলিশ জানিয়েছে, তারা আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের রাজনীতির সঙ্গে জড়িত।
স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার সকালে নবাব রোড এলাকায় ৪০ থেকে ৫০ জন নেতাকর্মী জড়ো হয়ে ব্যানার নিয়ে মিছিল শুরু করেন। ব্যানারে আওয়ামী লীগের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার, রাজবন্দীদের মুক্তি এবং ‘মিথ্যা মামলা’ প্রত্যাহারের দাবি জানানো হয়।
মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ভিডিওটি ফেসবুকে শেয়ার করে দাবি করেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খানের নির্দেশেই মিছিলটি অনুষ্ঠিত হয়েছে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম বলেন, “কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের মিছিল থেকে চারজনকে আটক করা হয়েছে। দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে। মিছিলে অংশ নেওয়া অন্য নেতাকর্মীদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। ”