ইউনিভার্সিটি ক্লাব কোম্পানীগঞ্জের আত্মপ্রকাশ
সংগৃহীত
নোয়াখালীর কোম্পানীগঞ্জে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে ‘ইউনিভার্সিটি ক্লাব কোম্পানীগঞ্জ’ নামে নতুন একটি অরাজনৈতিক সামাজিক সংগঠনের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। গত ২১ নভেম্বর বসুরহাটে চবিয়ানদের আয়োজিত এক মিলনমেলায় সংগঠনটির শুভ সূচনা হয়।
নবগঠিত সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি নির্বাচিত হয়েছেন বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ আবদুল হাই সেলিম। সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন বিজেএমই’র সহ-সভাপতি সাইফ উল্লাহ মানসুর। কোম্পানীগঞ্জের অবস্থানরত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে এই কমিটি গঠন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক ও কোম্পানীগঞ্জের কৃতিসন্তান অধ্যাপক ড. সাহাব উদ্দিন, আমেরিকা প্রবাসী আহসানুল্লাহ মিন্টু, সোহরাওয়ার্দী কলেজের সহযোগী অধ্যাপক মো. আবুল হাসান, সোনালী ব্যাংক বসুরহাট শাখার ম্যানেজার আবুল বাশার, স্টুডেন্ট ফোরামের সাবেক সভাপতিদের মধ্যে নুর নবী, সাঈফ উল্লাহ শাহেদ, আবদুল্লাহ আল মামুন, মুজাহিদুল ইসলাম জীবন, তাজুল ইসলাম হাকিম। সাবেক সেক্রেটারিদের মধ্যে গোলাম আযাদ, হাম্মাদুর রহমান জাবেদ,আবু নাছের, গোলাম রাব্বানী ইমার প্রমুখ।
এ ছাড়াও প্রিমিয়ার ব্যাংকের ম্যানেজার আশরাফ রিপন, ব্যাংকার তানভীর শুভ, ফয়সাল, শিক্ষাবিদ ইফতেখার রাজু, ফখরুদ্দিন, আলী হোসেন রিংকু, মাইন উদ্দিনসহ বিভিন্ন পেশার প্রায় ৫০ জন চবিয়ান মিলনমেলায় উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, ইউনিভার্সিটি ক্লাব কোম্পানীগঞ্জ একটি সম্পূর্ণ অরাজনৈতিক ও সামাজিক সংগঠন হিসেবে কাজ করবে। এটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কোম্পানীগঞ্জের সাবেক শিক্ষার্থীদের মিলনমঞ্চ হিসেবে ভূমিকা রাখবে, বর্তমান শিক্ষার্থীদের দিকনির্দেশনা দেবে এবং শিক্ষা-উন্নয়নসহ বিভিন্ন সামাজিক সহযোগিতামূলক কার্যক্রম পরিচালনা করবে। সংগঠনের বিভিন্ন উদ্যোগের মাধ্যমে কোম্পানীগঞ্জের সাধারণ মানুষও উপকৃত হবে বলে আশা প্রকাশ করা হয়।