সরাইলে ২ পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত, আহত ২০
সংগ্রহীত ছবি
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে জায়গা নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে আরফোজ আলী (৭০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ সময় উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ফারুক মিয়া নামের এক ব্যক্তিকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে।
রবিবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার শাহজাদাপুর ইউনিয়নের দেওড়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
বৃদ্ধ আরফোজ ওই গ্রামের মৃত ফুল মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে দেওড়া গ্রামের মাগুরহাটি এলাকার একটি জায়গা নিয়ে স্থানীয় দানা মিয়া গোষ্ঠী ও শিপন গোষ্ঠীর মধ্যে বিরোধ চলছিলো। রবিবার সন্ধ্যায় দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ফের সংঘর্ষে জড়ায়। সংঘর্ষ চলাকালে দানা মিয়া গোষ্ঠীর আরফোজ মিয়া নিহত হন এবং উভয়পক্ষের ২০ জন আহত হয়।
আহতরা স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদুল আলম চৌধুরী জানান, দুই পক্ষের সংঘর্ষে একজন বৃদ্ধ নিহত হয়েছেন। তার মরদেহ উদ্ধার করে জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।