জামালপুরের সরিষাবাড়ীতে খালেদা জিয়ার সুস্থতা কামনায় নারীদের দোয়া মাহফিল
সংগ্রহীত ছবি
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় জামালপুরের সরিষাবাড়ীতে তৃণমূলের নারীদের দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩ ডিসেম্বর) বিকেলে জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনে বিএনপির মনোনীত এমপি প্রার্থী ফরিদুল কবির তালুকদার শামীমের নির্দেশনায় মুলবাড়ী এলাকার দলটির নেতা আনোয়ার হোসেনের বাড়িতে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া মাহফিলের শুরুতে কোরআন তেলাওয়াত ও দরুদ পাঠ করা হয়। এরপর বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি, দীর্ঘায়ু, দেশের শান্তি-সমৃদ্ধি এবং জাতির কল্যাণ কামনা করে মোনাজাত পরিচালনা করা হয়।
পরে আগত নারীদের মধ্যে তবারক বিতরণ করা হয়। এতে বিভিন্ন এলাকার প্রায় দুই শতাধিক নারী মোনাজাতে শরিক হন।
এ সময় বিএনপি নেতা আনোয়ার হোসেন বলেন, ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। তিনি শুধু বিএনপি দলের নেত্রী নন, তিনি গণতন্ত্র, মানবাধিকার ও জনগণের ভোটের অধিকার রক্ষার সংগ্রামের প্রতীক।
দেশের জন্য তিনি সংগ্রাম করতে গিয়ে বহুবার জেল খেটেছেন। তিনি আমাদের আশার আলো। দেশের এই ক্রান্তিলগ্নে তার উপস্থিতি বড়ই প্রয়োজন।
তিনি আরো বলেন, জামালপুর জেলা বিএনপির সভাপতি ও সরিষাবাড়ী আসনে বিএনপির মনোনীত এমপি প্রার্থী ফরিদুল কবির তালুকদার শামীমের নির্দেশনা তৃণমূল নারীদের নিয়ে খালেদা জিয়ার সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।