রাজধানীতে ছাদবাগানে পানি দিতে গিয়ে পড়ে বৃদ্ধার মৃত্যু

রাজধানীতে ছাদবাগানে পানি দিতে গিয়ে পড়ে বৃদ্ধার মৃত্যু

প্রতিকী ছবি

রাজধানীর হাজারীবাগে তিনতলা ভবনের ছাদবাগানে পানি দিতে গিয়ে নিচে পড়ে হাওয়া নূর বেগম (৯০) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। গতকাল শনিবার বিকেলে বটতলা এলাকার বাঁশতলা গলিতে এই দুর্ঘটনা ঘটে। পরে গুরুতর অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে তাঁর মৃত্যু হয়। 

নূর বেগম হাজারীবাগের ৭৬ নম্বর বটতলা এলাকার বাসিন্দা জমসের হোসেনের স্ত্রী।

তাঁর ছেলে আনোয়ার হোসেন বলেন, ‘মা ছাদবাগান ভালোবাসতেন। বিকেলে ছাদে ফুলের টবে পানি দিতে গিয়েছিলেন। ছাদের চারপাশে দেয়াল না থাকায় অসাবধানতাবশত তিনি নিচে পড়ে যান।’

হাজারীবাগ থানার ওসি সাইফুল বলেন, ‘পুলিশ সদস্যরা হাসপাতালে গিয়ে মৃতদেহ উদ্ধার করেছেন।

আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।