রাজবাড়ীর বালিয়াকান্দিতে ৭ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, ৫৫ বছরের বৃদ্ধ গ্রেপ্তার
সংগ্রহীত ছবি
রাজবাড়ীর বালিয়াকান্দিতে ৭ বছর বয়সী এক শিশু ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনার মূল সন্দেহভাজন, স্থানীয় চায়ের দোকানি ৫৫ বছরের আজিজ শেখকে বালিয়াকান্দী থানা পুলিশ রবিবার (৭ ডিসেম্বর) বিকেলে গ্রেপ্তার করেছে।
শিশুটির বাবা জানায়, গত বুধবার সকালে তার মেয়ে মাদরাসায় পড়তে যায়। দুপুরে মাদরাসা থেকে ফেরার পথে চায়ের দোকানদার আজিজ শেখ তাকে ফুসলিয়ে তার নিজ বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণ করে।
মেয়েটি ভয় ও আতঙ্কে প্রথমে কাউকে কিছু না জানালেও পরবর্তীতে ব্যথায় কাতরাতে থাকলে পরিবারের কাছে মর্মান্তিক ঘটনার বর্ণনা দেয়। শিশুকে প্রথমে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে রাজবাড়ী সদর হাসপাতালে এনে ভর্তি করা হয়।
রবিবার দুপুরে শিশুর বাবা লিখিত অভিযোগ দায়ের করেন বালিয়াকান্দি থানায়।
অভিযোগের ভিত্তিতে বালিয়াকান্দি থানা পুলিশ জামালপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে সন্ধ্যায় অভিযুক্ত আজিজ শেখকে গ্রেপ্তার করে।
বালিয়াকান্দি থানার এসআই আল আমিন বলেন, অভিযোগ পাওয়া মাত্রই আমরা অভিযান শুরু করি এবং বিকেলেই অভিযুক্তকে গ্রেপ্তার করেছি, সোমবার আদালতে পাঠানো হবে। মামলাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।