খুলনার শীর্ষ সন্ত্রাসী ‘চিংড়ি পলাশ’ আটক
সংগ্রহীত ছবি
খুলনার শীর্ষ সন্ত্রাসী পলাশ তালুকদার ওরফে চিংড়ি পলাশকে (৩৪) আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৬ যশোর ক্যাম্পের সদস্যরা।
রবিবার (৭ ডিসেম্বর) রাত ৯টার দিকে যশোর শহরের নাজিরশংকরপুর জিরো পয়েন্ট এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক পলাশ তালুকদার খুলনার সোনাডাঙা থানার ২২ নম্বর গোবরচাকা এলাকার সুলতান তালুকদারের ছেলে।
র্যাব-৬ যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়—খুলনার অন্যতম শীর্ষ সন্ত্রাসী চিংড়ি পলাশ তার সহযোগীদের সঙ্গে যশোরের জিরো পয়েন্ট মোড়ে অবস্থান করছেন।
তথ্য পাওয়ার পর র্যাবের একটি দল সেখানে অভিযান চালিয়ে তাকে আটক করে। পরে তাকে ক্যাম্পে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল হক আরো বলেন, চিংড়ি পলাশ মূলত খুলনা ও আশপাশের বিভিন্ন জেলার চিংড়ি ঘের মালিকদের কাছ থেকে নিয়মিত চাঁদা আদায় করতেন। তার বিরুদ্ধে সোনাডাঙা থানায় হত্যা, চাঁদাবাজিসহ মোট ১২টি মামলা রয়েছে।
তিনি জানান, ২০২৪ সালের ২৯ ডিসেম্বর স্ত্রীসহ পলাশ সোনাডাঙা এলাকা থেকে সেনা ও নৌ পুলিশ সদস্যদের হাতে আটক হয়েছিলেন। চার মাস আগে জামিনে মুক্তি পাওয়ার পর তিনি আবারও চাঁদাবাজিতে জড়িয়ে পড়েন। এসব অভিযোগের ভিত্তিতে ভিত্তিতে তাকে পুনরায় আটক করা হয়েছে।