টিআইবির দুর্নীতিবিষয়ক প্রতিবেদনে পুরস্কার পেলেন ৪ সাংবাদিক

টিআইবির দুর্নীতিবিষয়ক প্রতিবেদনে পুরস্কার পেলেন ৪ সাংবাদিক

সংগৃহীত

জাতীয় ও স্থানীয় পর্যায়ে দুর্নীতিবিরোধী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে প্রতিবছরের ন্যায় এবারও আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উদযাপন করছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।

‘দুর্নীতির বিরুদ্ধে দুর্জয় তারুণ্য, একসাথে, এখনই’ এই প্রতিপাদ্যে দিবসটি উদযাপনে জাতীয় পর্যায়ে ‘কর্তৃত্ববাদের পতন-পরবর্তী বাংলাদেশের গণমাধ্যম পরিস্থিতি’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান এবং দুর্নীতিবিরোধী অনুসন্ধানী সাংবাদিকতা পুরস্কার ২০২৫ ঘোষণা করা হয়েছে। 

এ ছাড়া দুর্নীতি দমন কমিশন (দুদক) আয়োজিত মানববন্ধনে ঢাকাসহ সারাদেশের ৪৫টি অঞ্চলের সচেতন নাগরিক কমিটি (সনাক), অ্যাকটিভ সিটিজেনস গ্রুপ (এসিজি), ইয়ুথ এনগেজমেন্ট অ্যান্ড সাপোর্ট (ইয়েস) গ্রুপের সদস্যরা অংশ নিয়েছে। 

পাশাপাশি দেশব্যাপী সনাক, এসিজি, ইয়েস গ্রুপের আয়োজনে র‌্যালি, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা কর্মসূচি গ্রহণ করা হয়। 

এ ছাড়া ফেসবুকে ‘দুর্নীতির বিরুদ্ধে দৃঢ়ভাবে একসাথে, এখনই’ বার্তাসম্বলিত ফ্রেমসহ প্রোফাইল ছবি পরিবর্তনের বিশেষ ক্যাম্পেইন পরিচালনা করছে টিআইবি। 

জাতীয় কর্মসূচির অংশ হিসেবে ওইদিন বেলা ১১টায় টিআইবির ধানমন্ডি কার্যালয়ে এ আলোচনা সভার আয়োজন করা হয়। সভা শেষে টিআইবির দুর্নীতিবিরোধী অনুসন্ধানী সাংবাদিকতা পুরস্কার ২০২৫ ঘোষণা করা হয়। 

এ বছর বিভিন্ন ক্যাটাগরিতে ৪ জন সাংবাদিক ও একটি প্রামাণ্য অনুষ্ঠানকে এই পুরস্কার দেওয়া হয়। আঞ্চলিক সংবাদপত্র বিভাগে বিজয়ী হয়েছেন যশোরের দৈনিক গ্রামের কাগজের জ্যেষ্ঠ নিজস্ব প্রতিবেদক ফয়সল ইসলাম এবং নিজস্ব প্রতিবেদক আশিকুর রহমান শিমুল।

জাতীয় সংবাদপত্র বিভাগে বিজয়ী হয়েছেন ইংরেজি পত্রিকা দ্যা ডেইলি সান-এর জ্যেষ্ঠ নিজস্ব প্রতিবেদক রাশেদুল হাসান। টেলিভিশন (প্রতিবেদন) বিভাগে বিজয়ী হয়েছেন একাত্তর টেলিভিশনের সাবেক বিশেষ প্রতিবেদক (বর্তমানে চ্যানেল ওয়ানের ইনপুট প্রধান এবং পরিকল্পনা সম্পাদক) মুফতি পারভেজ নাদির রেজা। বিজয়ীদের প্রত্যেককে সম্মাননাপত্র, ক্রেস্ট ও এক লক্ষ পঁচিশ হাজার টাকা পুরস্কার প্রদান করা হয়। 

টেলিভিশন (প্রামাণ্য অনুষ্ঠান) বিভাগে বিজয়ী হয়েছে চ্যানেল টোয়েন্টি ফোরের প্রামাণ্য অনুষ্ঠান ‘সার্চলাইট’। এই প্রামাণ্য অনুষ্ঠানটি অনুসন্ধান ও উপস্থাপনা করেন সার্চলাইট টিমের সাবেক বিশেষ প্রতিবেদক (বর্তমানে স্টার নিউজ-এর বিশেষ প্রতিবেদক) মু. ফয়জুল আলম সিদ্দিক। বিজয়ী প্রামাণ্য অনুষ্ঠানটির জন্য সম্মাননাপত্র, ক্রেস্ট এবং এক লক্ষ পঞ্চাশ হাজার টাকার পুরস্কার প্রদান করা হয়। 

এর আগে অনুষ্ঠানের শুরুতেই মূল প্রবন্ধ উপস্থাপন করেন টিআইবির আউটরিচ অ্যান্ড কমিউনিকেশন বিভাগের ডেপুটি কোঅর্ডিনেটর জাফর সাদিক। প্রবন্ধে বাংলাদেশের গণমাধ্যমের ঐতিহাসিক ধারা ও বিভিন্ন আইনি কাঠামো, গণমাধ্যম প্রতিষ্ঠান ও সাংবাদিকতার চ্যালেঞ্জ, নিবন্ধন ও মালিকানার ধরণ ইত্যাদি বিশ্লেষণের পাশাপাশি কর্তৃত্ববাদী সরকারের পতনের পর গণমাধ্যমের বর্তমান পরিবেশ নিয়ে বিশদ আলোচনা করা হয়।