খালেদা জিয়ার সুস্থতা কামনায় রূপগঞ্জে দোয়া
সংগৃহীত ছবি
বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় নারায়ণগঞ্জের রূপগঞ্জে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১১টায় উপজেলার গোলাকান্দাইল ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সংগঠনের উদ্যোগে আধুরিয়া মাওনা এলাকায় এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন—বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মনোনীত সংসদ সদস্য প্রার্থী মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি নাহিদ ইসলাম, ভুলতা ইউনিয়ন সহ-সভাপতি আশরাফুল হক রিপন, আনোয়ার সাদাত সায়েম, রূপগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক আমিনুল ইসলাম প্রিন্স, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি রফিকুল ইসলাম রফিকসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সংগঠনের আরও নেতৃবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া দেশের মানুষের প্রিয় নেত্রী। তাঁর দ্রুত আরোগ্য দেশের গণতান্ত্রিক আন্দোলনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা আরও বলেন, দলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে তাঁর সুস্থতা কামনা করে দোয়া করছেন।
শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা, দীর্ঘায়ু এবং দেশের রাজনৈতিক স্থিতিশীলতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।