যশোরে বাবার সামনে ছুরিকাঘাতে ছেলের মৃত্যু
ফাইল ছবি।
যশোর সদর উপজেলার পাগলাদহ মালোপাড়ায় আব্দুস শহিদ (৪৫) নামে এক রিকশাচালককে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে।বাবা বশির আহমেদের সামনেই এই ছুরিকাঘাতের ঘটনা ঘটে। পরে তিনি নিজেই আহত ছেলেকে রিকশায় করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। কিন্তু হাসপাতালে আনার আগে তিনি মারা যান।
বশির আহমেদ জানিয়েছেন, তার তিন ছেলে তিন মেয়ে। শহিদ সবার বড়। শনিবার (১৩ ডিসেম্বর) বিকেল সাড়ে চারটার দিকে শহিদ রিকশা চালিয়ে বাসায় ফিরছিলেন। মালোপাড়ার রহমানের দোকানের সামনে একই এলাকার জাহাঙ্গীরের চার ছেলে আসিফ, মিরাজ, আলিফ, রিয়াজ এবং মানিক মিয়ার ছেলে ইরানের সাথে কথা কাটাকাটি হচ্ছিলো।
গণ্ডগোল শুনে তিনি বাড়ি থেকে বের হয়ে ঘটনাস্থলে পৌঁছানোর আগেই আসিফ চাকু দিয়ে তার ছেলের বুকে-পিঠে উপর্যুপরি আঘাত করে। আশপাশের লোকজন দেখলেও কেউই তাকে রক্ষা করতে যায়নি।
তিনি জানান, তিনি নিজেও চেষ্টা করে কাউকে ঠেকাতে পারেননি। চাকু দিয়ে বুকে পিঠে আঘাত করায় শহিদ মাটিতে লুটিয়ে পড়ে।
দুর্বৃত্তরা চলে গেলে তিনি স্থানীয় একজন রিকশাচালককে সাথে নিয়ে যশোর জেনারেল হাসপাতালে যান। কিন্তু জরুরি বিভাগের চিকিৎসক শহিদকে মৃত ঘোষণা করেন।
জরুরি বিভাগের চিকিৎসক বিচিত্র মল্লিক বলেন, ‘পাঁচটা চার মিনিটে পরীক্ষা-নিরীক্ষা করে শহিদকে মৃত ঘোষণা করা হয়। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। বুকের বামপাশ ও উপরে বড় দুটি আঘাতের চিহ্ন রয়েছে।
’ অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হয়েছে বলে তিনি জানিয়েছেন।
এ বিষয়ে যশোর কোতোয়ালি থানার পরিদর্শক কাজী বাবুল হোসেন (তদন্ত) বলেন, ‘পাগলাদাহ গ্রামে একজনকে হত্যা করা হয়েছে বলে শুনেছি। সেখানে পুলিশ পাঠানো হয়েছে। ’