জুলাই শহীদ ইমনের বাড়ির খড়ের গাদায় আগুন, এলাকায় আতঙ্ক
ফাইল ছবি
নরসিংদীর পলাশে বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ ইমনের বাড়ির খরের গাদায় অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। রবিবার দিবাগত রাতে পলাশ উপজেলার গজারিয়া ইউনিয়নের দড়িচরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় আরও ৩টি বাড়ির খড়ের গাদায় আগুন দেওয়া হয়। এতে কেউ হতাহত না হলেও শহীদ ইমনের পরিবারের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।
অগ্নিসংযোগের খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন পলাশ থানার ওসি শাহেদ আল মামুন। পরে তিনি এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, রবিবার সাড়ে ১১ দিকে দুর্বৃত্তরা প্রথমে হিরম মিয়ার বাড়ির খড়ের গাদায় অগ্নিসংযোগ করে। পরে শহীদ ইমন ও মনা মুন্সির বাড়ির খড়ের গাদায়ও অগ্নিসংযোগ করা হয়। এ সময় মসজিদের মাইকে অগ্নিসংযোগের খবর ছড়িয়ে পড়ে।
পরে এলাকাবাসী নিজেরাই একত্রিত হয়ে এ আগুন নিভিয়ে ফেলেন। পর পর তিনটি স্থানে অগ্নিসংযোগের ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। খবর পেয়ে পলাশ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
এ বিষয়ে পলাশ থানার ওসি শাহেদ আল মামুন জানান, ঘটনাটি জানার পর আমি নিজে ঘটনাস্থল পরিদর্শন করেছি। অগ্নিসংযোগের ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে। পাশাপাশি ইমনের পরিবারের সদস্যদের নিরাপত্তাও নিশ্চিত করা হচ্ছে।