দুটি গরু জবাই করে গোয়ালে রেখে গেল দুর্বৃত্তরা

দুটি গরু জবাই করে গোয়ালে রেখে গেল দুর্বৃত্তরা

প্রতিকি ছবি

নোয়াখালীর কোম্পানীগঞ্জে রাতের আঁধারে এক কৃষকের দুটি গরু জবাই করে গোয়ালঘরে রেখে গেছে দুর্বৃত্তরা। রবিবার দিবাগত রাতে উপজেলার চরএলাহী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের আব্দুস সাত্তারের বাড়ি এ ঘটনা ঘটে।  

স্থানীয়রা জানান, কৃষক আব্দুস সাত্তারের বসতঘরের পাশেই তার গোয়ালঘর। সেখানে তিনি একটি গাভী ও একটি ষাঁড় লালন-পালন করেন। রবিবার সন্ধ্যার দিকে গরু দুটিকে খাবার দিয়ে ঘুমিয়ে পড়েন। ফজরের নামাজ পড়ে গোয়ালঘরে গিয়ে দেখেন, গরু দুটি জবাই করা অবস্থায় পড়ে আছে।

আব্দুস সাত্তার বলেন, 'আমার সঙ্গে কারো কোনো শত্রুতা নেই। কারা এ জঘন্য কাজ করেছে, কেন করেছে, কিছুই বুঝে উঠতে পারছি না।'  

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল হাকিম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।