দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ৩

দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ৩

ফাইল ছবি

দিনাজপুরের বীরগঞ্জে ধানবোঝাই ট্রলির সঙ্গে চার্জার ভ্যানের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ভ্যানচালক।

রবিবার দিবাগত রাত সাড়ে ৭টার দিকে বীরগঞ্জ উপজেলার কবিরাজহাটে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, বীরগঞ্জ উপজেলার ডাঙ্গারহাট গ্রামের আফজাল হোসেনের ছেলে আবু সাঈদ (৮), ভোগনগর কলকটি গ্রামের মৃত ফজল হোসেনের ছেলে আনারুল ইসলাম (৬৫) ও ভোগনগর গ্রামের মো. মতিয়ার হোসেনের স্ত্রী ভ্যানযাত্রী সুলতানা বেগম (৬০)।

অপরদিকে, দুর্ঘটনায় আহত ভ্যানচালক ভোগনগর ইউনিয়নের ভোগনগর কলকটি গ্রামের আলিম উদ্দিনের ছেলে মো. আব্দুস সালাম (৫৫) কে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার আফরোজ সুলতানা জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আহত অবস্থায় ৩ জনকে আনা হয়। অবস্থার অবনতি হলে সুলতানা বেগম এবং মো. আবু সাঈদকে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। এসময় পথেই শিশু মো. আবু সাঈদ মারা যায়। পরে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল হতে উন্নত চিকিৎসার জন্য রংপুরে নেওয়ার পথে সুলতানা পারভীন মারা যান। এ ঘটনায় আহত মো. আব্দুস সালাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

বীরগঞ্জ থানার ওসি মো. সাইফুল ইসলাম দুর্ঘটনায় হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন।