নরসিংদীর রায়পুরায় নিখোঁজের ২৪ ঘণ্টা পর শিশুর লাশ মিলল বিলে
সংগ্রহীত ছবি
নরসিংদীর রায়পুরায় নিখোঁজ হওয়ার প্রায় ২৪ ঘণ্টা পর সায়েম মিয়া (৮) নামে এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার (২০ ডিসেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার পাড়াতলী ইউনিয়নের সোনাবালুয়া এলাকার বাড়ির পাশের একটি বিল থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত সায়েম ওই এলাকার বাকপ্রতিবন্ধী আব্দুস সাত্তারের ছেলে। সে স্থানীয় আলোর পরশ কিন্ডার গার্ডেনের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল।
পারিবারিক সূত্র জানায়, শুক্রবার (১৯ ডিসেম্বর) সকাল ৯টার দিকে প্রাইভেট পড়া শেষে সায়েম বাড়িতে ফিরে আসে। পরে ব্যাগে থাকা পাঠ্যবই, খাতা ও কলম রেখে বাড়ি থেকে বের হয়ে যায়। এরপর সে আর বাড়িতে ফিরে আসেনি। সন্ধ্যা গড়িয়ে রাত হলেও তার কোনো সন্ধান না পেয়ে পরিবার ও স্থানীয়রা উদ্বিগ্ন হয়ে পড়ে।
শিশুটির খোঁজে এলাকায় মাইকিং করা হয়।
একপর্যায়ে বাড়ির পাশের বিলের পাড়ে সায়েমের পায়ের জুতা পড়ে থাকতে দেখে পরিবারের সদস্যদের সন্দেহ হয়। শনিবার সকালে স্থানীয়দের সহায়তায় বিলের পানিতে খোঁজ শুরু করা হয়। সকাল ১০টার দিকে বিলের পানি থেকে সায়েমের নিথর দেহ উদ্ধার করা হয়।
নিহত শিশুর চাচা শামীম মিয়া জানান, বিলের পাড়ে জুতা পাওয়ার পরই সায়েমের মায়ের মনে সন্দেহ জাগে। পরে পরিবারের লোকজন ও স্থানীয়রা বিলে নেমে খোঁজাখুঁজি করলে সায়েমের লাশ পাওয়া যায়।