কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে প্রধান শিক্ষক কারাগারে

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে প্রধান শিক্ষক কারাগারে

সংগ্রহীত ছবি

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে স্কুলের প্রধান শিক্ষক মনিরুল ইসলামকে গ্রেপ্তার করেছে ব্রাহ্মণপাড়া থানা পুলিশ। শনিবার (২০ ডিসেম্বর) সন্ধ্যায় ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ (তদন্ত) টমাস বড়ুয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ব্রাহ্মণপাড়া থানা পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, ব্রাহ্মণপাড়া উপজেলার পূর্ব গোপালনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মনিরুল ইসলাম (৫২) গত এক বছর ধরে এক ছাত্রীকে বিভিন্ন সময়ে বিদ্যালয়ের অফিস কক্ষে শ্লীলতাহানি ও তার শরীরে বিভিন্ন স্পর্শ কাতর স্থানে হাত দিত। ওই প্রধান শিক্ষক কাউকে বিষয়টি প্রকাশ না করার জন্য ছাত্রীকে ভয়ভীতি দেখাত এবং কথা কাউকে প্রকাশ করলে ছাত্রীকে মেরে ফেলবে এবং পরীক্ষায় ফেল করিয়ে দেবে সেই ভয় দেখিয়ে গত এক বছর যাবৎ ওই ছাত্রীকে একাধিকবার ধর্ষণ করে।

 

গত ২১, ২৭ ও ২৯ নভেম্বর ওই ছাত্রীকে প্রধান শিক্ষক মনিরুল ইসলাম একাধিকবার ধর্ষণের পর পরিবারের লোকজন ওই শিক্ষার্থীর শারীরিক গঠন দেখে তাদের সন্দেহ হয়। পরিবারের লোকজন ওই ছাত্রীকে জিজ্ঞাসাবাদ করলে উক্ত ছাত্রী জানান স্কুলের প্রধান শিক্ষক মনিরুল ইসলাম আমাকে লাইব্রেরিতে নিয়ে একাধিকবার ধর্ষণ করেন। ঘটনা জানার পর তার মা বাদি হয়ে ব্রাহ্মণপাড়া থানায় একটি মামলা করেন। মামলার প্রেক্ষিতে গত ১৮ ডিসেম্বর রাতে এস আই মেহেদী হাসান জুয়েল সঙ্গীয় ফোর্সসহ প্রধান শিক্ষক মনিরুল ইসলামকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে।

 

 

এ ব্যাপারে ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ (তদন্ত) টমাস বড়ুয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ভিকটিমের মায়ের মামলার প্রেক্ষিতে গোপালনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।