পদ্মায় বালুবাহী বাল্কহেডে যাত্রীবাহী নৌকার ধাক্কা, এক বৃদ্ধ নিহত
সংগ্রহীত ছবি
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের পদ্মা নদীর আলিমনগর ঘাট থেকে অর্ধশতাধিক যাত্রী ও পণ্যবাহী একটি ইঞ্জিনচালিত নৌকা ছেড়ে যাবার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ঘাটে বাঁধা একটি বালুবাহী বাল্কহেডে ধাক্কা দেয়। এসময় নৌকার কিনারে বসা ভিক্ষু (৭০) নামের এক এক বৃদ্ধ নিহত হয়েছেন।
রবিবার (২১ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে নৌকাটি নারায়নপুর ঘাটের উদ্দেশে ছেড়ে যাবার সময় এ দুর্ঘটনা ঘটে।
বৃদ্ধ ভিক্ষু সদর উপজেলার নারায়নপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ১১ রশিয়া রুস্তম মন্ডলপাড়া গ্রামের আব্দুস সালামের ছেলে।
প্রত্যক্ষদর্শী, স্থানীয় জনপ্রতিনিধি, জেলা হাসপাতাল ও পুলিশ সূত্রে জানা যায়, রবিবার বিকেল সাড়ে ৪টার দিকে নৌকাটি নারায়নপুর ঘাটের উদ্দেশে ছেড়ে যাবার সময় দুর্ঘটনাটি ঘটে। ঘটনার পর নৌকার অন্যান্য যাত্রী ও স্থানীয়রা ঘটনাস্থলে আহত বৃদ্ধকে উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে গেলে সেখানে তিনি চিকিৎসাধীন অবস্থায় রাত পৌনে ৮টার দিকে মারা যান।
চরবাগডাঙ্গা ইউনিয়ন পরিষদের (ইউপি) সংশ্লিষ্ট সদস্য নুরুল ইসলাম ছবি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ ঘটনায় অন্য কেউ আহত হয়নি।
তবে ঘটনার সময় যাত্রীরা প্রচণ্ড আতঙ্কিত হয়ে পড়েন।
নারায়নপুর ইউপি চেয়ারম্যান নাজির হোসেন বলেন, বৃদ্ধ গুরুতর আঘাত না পেলেও হাসপাতালে মারা যান। স্রোতের কারণেই দুর্ঘটনাটি ঘটেছে।
জেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মুশফিকুর রহমান বলেন, নৌকার সংঘর্ষে আহত রোগীকে হৃদ্রোগে আক্রান্ত অবস্থায় হাসপাতালে আনা হয়।
কিন্তু চিকিৎসা শুরুর পরপরই তিনি মারা যান। তার দেহে আঘাতের সামান্য চিহ্ন ছিল।
চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম বলেন, এ ঘটনায় কেউ অভিযোগ করেননি। পুলিশ নিজস্ব সূত্রে ঘটনাটি জানতে পেরে খোঁজখবর শুরু করেছে।
রাজশাহীর গোদাগাড়ী নৌ পুলিশ ফাঁড়ি ইনচার্জ তৌহিদুর রহমান বলেন, ঘটনার তদন্ত শুরু হয়েছে।
তদন্তের পরই বলা যাবে কীভাবে ঘটনাটি ঘটল।