ভেনেজুয়েলার আরও একটি তেলের জাহাজ জব্দ করার পথে যুক্তরাষ্ট্র

ভেনেজুয়েলার আরও একটি তেলের জাহাজ জব্দ করার পথে যুক্তরাষ্ট্র

সংগ্রহীত ছবি

ভেনেজুয়েলার সঙ্গে উত্তেজনা আরও বাড়তে পারে এমন প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র দেশটির সঙ্গে সংশ্লিষ্ট আরও একটি তেলবাহী ট্যাংকারের পিছু নিয়েছে বলে জানা গেছে। মার্কিন কোস্ট গার্ড আন্তর্জাতিক জলসীমায় ভেনেজুয়েলার কাছে থাকা আরও একটি জাহাজকে সক্রিয়ভাবে অনুসরণ করছে। একজন মার্কিন কর্মকর্তা বিষয়টি সিবিএস নিউজকে জানিয়েছেন।

এর আগে চলতি মাসেই যুক্তরাষ্ট্র দুটি তেলবাহী ট্যাংকার জব্দ করেছে, যার একটি শনিবার আটক করা হয়। সর্বশেষ অনুসরণের বিষয়টি এমন একটি জাহাজকে ঘিরে, যাকে মার্কিন কর্তৃপক্ষ ভেনেজুয়েলার নিষেধাজ্ঞা এড়ানোর সঙ্গে জড়িত তথাকথিত ‘ডার্ক ফ্লিট’-এর অংশ বলে দাবি করছে। ওই কর্মকর্তা জানান, জাহাজটি ভুয়া পতাকা ব্যবহার করছে এবং এটি জব্দ করার জন্য বিচারিক আদেশ রয়েছে।

ওয়াশিংটনের অভিযোগ, ভেনেজুয়েলা তেল রপ্তানি থেকে প্রাপ্ত অর্থ মাদক-সংক্রান্ত অপরাধে অর্থায়নের জন্য ব্যবহার করছে। অন্যদিকে, কারাকাস এই ট্যাংকার জব্দের ঘটনাকে চুরি ও অপহরণ হিসেবে আখ্যা দিয়েছে।

গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলার নিষেধাজ্ঞাভুক্ত তেলবাহী জাহাজগুলোর দেশটিতে প্রবেশ ও দেশত্যাগ ঠেকাতে অবরোধ আরোপের নির্দেশ দেন।

বিশ্বের অন্যতম বৃহৎ তেল মজুদের অধিকারী ভেনেজুয়েলা অভিযোগ করেছে, ট্রাম্প প্রশাসন তাদের প্রাকৃতিক সম্পদ দখলের চেষ্টা করছে। তবে রবিবারের এই নতুন অনুসরণের বিষয়ে যুক্তরাষ্ট্র এখনো আনুষ্ঠানিকভাবে কিছু নিশ্চিত করেনি। জাহাজটির সুনির্দিষ্ট অবস্থান কিংবা নামও প্রকাশ করা হয়নি।

সূত্র: বিবিসি