কাউনিয়ায় রাস্তা পারাপারের সময় অটোর ধাক্কায় কৃষকের মৃত্যু

কাউনিয়ায় রাস্তা পারাপারের সময় অটোর ধাক্কায় কৃষকের মৃত্যু

ফাইল ছবি

রংপুরের কাউনিয়া উপজেলায় রাস্তা পারাপারের সময় অটোরিকশার ধাক্কায় আলাল উদ্দিন (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার কুর্শা ইউনিয়নের শিবু কুন্ঠিরাম গ্রামের বাসিন্দা।

রবিবার সন্ধ্যার পরে রংপুর-কুড়িগ্রাম মহাসড়কের কাউনিয়ার জুম্মার পাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতের ছেলে জুয়েল মিয়া (২২) বাদী হয়ে অজ্ঞাতনামা অটোরিকশা চালকের বিরুদ্ধে কাউনিয়া থানায় একটি মামলা দায়ের করেছেন।

পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, রবিবার সন্ধ্যার পরে কাউনিয়ার জুম্মার পাড় এলাকায় রংপুর-কুড়িগ্রাম মহাসড়ক পারাপারের সময় রংপুর থেকে আসা একটি অজ্ঞাতনামা অটোরিকশা আলাল উদ্দিনকে পেছন দিক থেকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি সড়কের ওপর ছিটকে পড়ে বুকে ও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় একই দিন রাত সাড়ে ১১টার দিকে তিনি মারা যান।

এ বিষয়ে কাউনিয়া থানার ওসি নজমূল হক বলেন, সড়ক দুর্ঘটনায় একজন কৃষকের মৃত্যুর ঘটনায় মামলা রুজু করা হয়েছে। অটোরিকশা ও চালককে শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে।