কুতুবদিয়ার ৮০ জেলেকে ফিরে পাওয়ার অপেক্ষায় স্বজনেরা
সংগৃহীত ছবি
কক্সবাজারের কুতুবদিয়ার ৮০ জেলে ভারতের পশ্চিমবঙ্গের কাকদ্বীপের একটি কারাগারে বন্দি আছেন। বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে কুয়াশায় বিভ্রান্তি ও ইঞ্জিনের ক্রুটিতে গত এক মাসের মধ্যে তারা গ্রেফতার হন।
উপার্জনক্ষম একমাত্র ব্যক্তিদের অনুপস্থিতিতে চরম দুর্ভোগ নেমে এসেছে এসব পরিবারে। এখন শুধু প্রশাসনের আশ্বাসে ফিরে পাওয়ার অপেক্ষায় আছেন তারা।
আলী আকবর ডেইল ইউনিয়নের বেনু বাঁশি জল দাশের স্ত্রী বিপুলানী দাশ বলেছেন, তার সংসারে এক ছেলে ও পাঁচ মেয়ে রয়েছে। স্বামীই তাদের পরিবারের একমাত্র উপার্জনকারী ব্যক্তি। তিনি বাড়িতে না থাকায় এখন তাদের অভাব-অনটনে দিন কাটছে। ঠিকমতো তিন বেলা খেতেও পারছেন না।
ভারতের কারাগারে বন্দি থাকা উত্তর ধূরুং ইউনিয়নের আরেক জেলে মামুনুর রশীদের মা আমেনা খাতুনের কান্না থামছে না। মামুনুরের দীর্ঘদিনের অনুপস্থিতিতে পরিবারটিতে আর্থিক দুর্দশা ও হতাশা দেখা দিয়েছে। দ্রুত ছেলেকে দেশে ফিরিয়ে আনতে সরকারের কাছে অনুরোধ জানিয়েছেন মামুনুর রশীদের মা। তার মতো একই দাবি জানিয়েছেন নিব জল দাশ, শামীম উদ্দিন ও মো. হেনাফসহ ভারতের ওই কারাগারে বন্দি থাকা জেলে পরিবারগুলো।
উপজেলা মেরিন ফিশারিজ কর্মকর্তা নাজমুস সাকিব জানান, ভারতে আটক জেলেদের তথ্য, ট্রলারের কাগজপত্র ও থানার জিডি কপিসহ প্রয়োজনীয় তথ্য ইতোমধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে দেওয়া হয়েছে। এ বিষয়ে কার্যক্রম চলছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জামশেদ আলম রানা দৈনিক বাংলাদেশ প্রতিদিনকে জানান, কুতুবদিয়ার ৮০ জেলে ভারতে কারাবন্দি রয়েছে। তাদের ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয় কারাবন্দি জেলেদের দেশে ফিরিয়ে আনতে কার্যক্রম চালিয়ে যাচ্ছে।