ফিলিস্তিনি বন্দীদের কারাগার ঘিরে কুমির রাখার প্রস্তাব ইসরায়েল মন্ত্রীর

ফিলিস্তিনি বন্দীদের কারাগার ঘিরে কুমির রাখার প্রস্তাব ইসরায়েল মন্ত্রীর

ছবিঃ সংগৃহীত।

ফিলিস্তিনি বন্দিদের রাখার জন্য একটি 'কুমির-ঘেরা কারাগার' তৈরির প্রস্তাব দিয়েছেন ইসরায়েলের অতিডানপন্থী জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গভির।গতকাল রবিবার দেশটির সংবাদমাধ্যম জানিয়েছে, জেলপালানো রোধে ইসরায়েল প্রিজন সার্ভিস প্রস্তাবটি পর্যালোচনা করছে। তবে এটিকে অস্বাভাবিক প্রস্তাব বলেও আখ্যা দেওয়া হয়েছে।

কারাগারটি উত্তর ইসরায়েলের অধিকৃত গোলান মালভূমির হামাত গাদের এলাকায় নির্মাণের কথা বলা হয়েছে

ওই এলাকাটি পর্যটনকেন্দ্র হিসেবে পরিচিত। ইতোমধ্যে সেখানে নিরাপদ ও নিয়ন্ত্রিত কুমির অভয়ারণ্য বা আবাসস্থলও রয়েছে। তবে, নিরাপত্তা জোরদারে সেখানে আরও কুমির আনার পরিকল্পনাও করা হচ্ছে।

এ প্রস্তাবের উদ্বেগ প্রকাশ করেছে ইসরায়েলের মানবাধিকার সংগঠন বি’ত্সেলেম-এর চেয়ারম্যান অর্লি নোয়।

তিনি বলেন, এই পরিকল্পনা ইসরায়েলের বর্তমান অবস্থার আরেকটি ভয়ঙ্কর উদাহরণ। এখন শুধু প্রকাশ্যে রাস্তায় মানুষকে গুলি করাই বাকি আছে। ' 

এদিকে, ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে বেন গভির উত্থাপিত একটি বিতর্কিত বিলের ওপর শিগগিরই ভোট হওয়ার কথা রয়েছে। ওই বিল পাস হলে ফিলিস্তিনি বন্দিদের বিরুদ্ধে মৃত্যুদণ্ড কার্যকরের সুযোগ তৈরি হবে।

বিশেষ করে যাদের বিরুদ্ধে ইসরায়েলিদের ওপর হামলার পরিকল্পনা বা বাস্তবায়নের অভিযোগ রয়েছে।

তবে এই আইনের আওতায় একই পরিস্থিতিতে ফিলিস্তিনিদের হত্যা করা ইসরায়েলিদের ক্ষেত্রে মৃত্যুদণ্ড প্রযোজ্য হবে না, যা নিয়ে আন্তর্জাতিক মহলে বৈষম্যের অভিযোগ উঠেছে।

মানবাধিকার সংগঠনগুলো বলছে, এ ধরনের প্রস্তাব ও আইন আন্তর্জাতিক মানবাধিকার আইন ও ন্যায্যবিচারের মৌলিক নীতির পরিপন্থী।