বালিয়াকান্দিতে কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ
প্রতিকি ছবি
রাজবাড়ীর বালিয়াকান্দিতে হাবিব শেখ (৪২) নামে এক কৃষককে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলার নবাবপুর ইউনিয়নের বনগ্রাম মাঠে এ ঘটনা ঘটে।
নিহত হাবিব শেখ নবাবপুর ইউনিয়নের বনগ্রাম গ্রামের লিয়াকত আলীর ছেলে।
নিহতের মেয়ে কান্না জড়িত কণ্ঠে বলেন, ‘ছবি তুলে লাভ কি? সবাই বলতেছে আমার বাবা স্টোক করে মারা গেছেন। আমার সুস্থ্য বাবাকে ওরা হত্যা করেছে।’
নিহতের বাবা লিয়াকত আলী বলেন, সকালে আমার ছেলেকে ডেকে নিয়ে যায় স্থানীয় টোকন। আমি শুনতে পেয়েছি জমির বিষয় নিয়ে টোকন ও জামালের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়। এরপর শুনতে পাই আমার ছেলেকে হত্যা করা হয়েছে। পরে হাসপাতালে গিয়ে দেখি আমার ছেলে মারা গেছে। আমি ছেলে হত্যার বিচার চাই। আমার ছেলের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। আমরা ধারণা করছি তাকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।
বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) বর তালুকদার বলেন, ‘হাসপাতাল থেকে মরদেহ হাবিব নামে একজন কৃষকের মরদেহ উদ্ধার করেছি। মৃত্যুর কারণ জানতে মরদেহ মর্গে প্রেরণ করা হয়েছে।’