ঘন কুয়াশায় মাওয়া-ঢাকা এক্সপ্রেসওয়েতে চতুর্মুখী সংঘর্ষ
ফাইল ছবি
মুন্সীগঞ্জের সিরাজদিখানে ঘন কুয়াশায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে তিনটি যাত্রীবাহী বাস ও একটি কাভার্ডভ্যানের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় কয়েকজন আহত হয়েছেন।
বুধবার সকালে মহাসড়কের কুচিয়ামোড়া কলেজগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
হাঁসাড়া হাইওয়ে পুলিশের তথ্য সূত্রে জানা গেছে, কুয়াশার কারণে এক্সপ্রেসওয়ের কুচিয়ামোড়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে পরপর তিনটি বাস ও একটি কাভার্ডভ্যান একে অপরকে পেছন থেকে ধাক্কা দেয়। খবর পেয়ে হাইওয়ে পুলিশের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। এ ঘটনায় এক্সপ্রেসওয়েতে প্রায় ৩০ মিনিট যান চলাচল বন্ধ ছিলো।
হাঁসাড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) এটিএম মাহমুদুল হক জানান, দুর্ঘটনাকবলিত যানবাহনগুলো সরিয়ে নেওয়া হয়েছে। বর্তমানে মহাসড়কে যানচলাচল স্বাভাবিক রয়েছে।
তিনি আরও জানান, আহতদের আঘাত গুরুতর নয়। কুয়াশার মধ্যে চালকদের অসতর্কতা ও গতির কারণে দুর্ঘটনা ঘটেছে।