শীতে কাঁপছে চুয়াডাঙ্গা, তাপমাত্রা নামল ১০ ডিগ্রিতে

শীতে কাঁপছে চুয়াডাঙ্গা, তাপমাত্রা নামল ১০ ডিগ্রিতে

ফাইল ছবি

 দক্ষিণ-পশ্চিমের জেলা চুয়াডাঙ্গায় হাড়কাঁপানো শীত অনুভূত হচ্ছে। এতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। এক দিনের ব্যবধানে আবারও দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে জেলাটিতে। 

বুধবার (২৪ ডিসেম্বর) চুয়াডাঙ্গার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এ অবস্থায় ঘন কুয়াশা আর উত্তরের হিমেল হাওয়ায় শীতের তীব্রতা বেড়েছে কয়েকগুণ।

চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের তথ্যমতে, গত সোমবারও দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় চুয়াডাঙ্গায়। ওই দিন জেলার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। 

তীব্র এই শীতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন দিনমজুর ও খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষ। জীবিকার তাগিদে হাড়কাঁপানো শীত উপেক্ষা করেই কাজে বের হতে হচ্ছে তাদের। শীতবস্ত্রের অভাবে অনেকেই রাস্তার মোড়ে মোড়ে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন। কনকনে ঠান্ডায় রাস্তাঘাটে লোকসমাগমও কমে গেছে উল্লেখযোগ্য হারে।

চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান বলেন, কুয়াশা না কাটা পর্যন্ত শীতের এই দাপট আরও কয়েক দিন অব্যাহত থাকতে পারে। এ মাসেই জেলার ওপর দিয়ে বয়ে যেতে পারে শৈত্যপ্রবাহ।

এদিকে, হাড়কাঁপানো শীতে কষ্টে থাকা অসহায় মানুষরা স্থানীয় প্রশাসন ও সমাজের বিত্তবানদের কাছে মানবিক সহায়তার আবেদন জানিয়েছেন।