কুমিল্লার চান্দিনায় ধর্ষণের অভিযোগে যুবক আটক

কুমিল্লার চান্দিনায় ধর্ষণের অভিযোগে যুবক আটক

প্রতিকী ছবি

কুমিল্লার চান্দিনায় সাত বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে।  আহত ওই শিশু কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে তুষার আহমেদ (১৮) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। 

মঙ্গলবার বিকেলে চান্দিনা উপজেলার বরকইট গ্রাম থেকে তাকে আটক করা হয়।  আটক তুষার আহমেদ বরকইট গ্রামের ডাবুরিবাড়ি এলাকার বাসিন্দা।  

এর আগে শুক্রবার বিকেলে পাশের বাড়ির ওই শিশুকে ধর্ষণের ঘটনা ঘটে।

ভুক্তভোগী ওই শিশুর দাদি জানান, গাছ থেকে বিলম্ব ফল পাড়ার জন্য বাড়ি থেকে তাকে ডেকে নেয় তুষারের দাদি।  গাছ থেকে বিলম্ব পাড়ার পর তাকে ঘরে ডেকে নেয় তুষার।  এ সময় তার হাত, পা ও মুখ বেঁধে ধর্ষণ করে ঘরের দরজা খুলে পালিয়ে যায়।  পরে রক্তাক্ত অবস্থায় ভুক্তভোগীকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। 

এদিকে, কিছু মাতাব্বর প্রলোভন দেখিয়ে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করে।  যে কারণে ঘটনার তিন দিনও বিষয়টি এলাকায় তেমন জানাজানি হয়নি।  মঙ্গলবার বিষয়টি লোকমুখে ছড়িয়ে পড়লে বিকেলে সংবাদকর্মীরা পুলিশকে অবহিত করলে অভিযুক্ত তুষারকে আটক করে। 

চান্দিনা থানার অফিসার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, বিষয়টি আমরা জানার সাথে সাথে অভিযুক্ত যুবককে আটক করি।  এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।