অ্যাস্টন ভিলাকে উড়িয়ে দিল আর্সেনাল, ৪ গোলের দাপুটে জয়
সংগ্রহীত ছবি
প্রথমার্ধে একাধিক সুযোগ তৈরি করেও গোলের দেখা পায়নি আর্সেনাল। তবে বিরতির পর একবার ডেডলক ভাঙতেই যেন বাঁধভাঙা জোয়ার বইয়ে দেয় মিকেল আর্তেতার শিষ্যরা। একের পর এক আক্রমণে অ্যাস্টন ভিলাকে গুঁড়িয়ে দিয়ে বড় জয় তুলে নেয় গানাররা।
মঙ্গলবার রাতে এমিরেটস স্টেডিয়ামে প্রিমিয়ার লিগের ম্যাচে ৪-১ গোলের জয় পায় আর্সেনাল। এই জয়ে লিগ টেবিলের দ্বিতীয় স্থানে থাকা দলের চেয়ে ৫ পয়েন্ট এগিয়ে শীর্ষে নিজেদের অবস্থান আরও শক্ত করল তারা।
প্রিমিয়ার লিগে আগের আট ম্যাচেই জয় পাওয়া অ্যাস্টন ভিলা এদিন কোনো প্রতিরোধ গড়ে তুলতে পারেনি। পুরো ম্যাচে বলের দখল ও আক্রমণে স্পষ্ট আধিপত্য দেখায় আর্সেনাল। স্বাগতিকদের হয়ে গোল করেন গাব্রিয়েল মাগালিয়াইস, মার্তিন সুবিমেন্দি, লিয়ান্দ্রো ত্রোসার ও গাব্রিয়েল জেসুস।
এই জয়ে ১৯ ম্যাচে ১৪ জয় ও ৩ ড্রয়ে আর্সেনালের পয়েন্ট দাঁড়াল ৪৫। এক ম্যাচ কম খেলে ৪০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে ম্যানচেস্টার সিটি। অন্যদিকে, হারের ফলে শিরোপা দৌড়ে কিছুটা পিছিয়ে পড়ল উনাই এমেরির অ্যাস্টন ভিলা, যারা ১৯ ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে আছে তিন নম্বরে।
ম্যাচের শুরুতে প্রথম ভালো সুযোগ পায় ভিলা। ১৩তম মিনিটে ওলি ওয়াটকিন্সের শট লক্ষ্যে না থাকায় রক্ষা পায় আর্সেনাল। এরপর প্রথমার্ধে আক্রমণে এগিয়ে থাকলেও গোল করতে ব্যর্থ হয় স্বাগতিকরা। ইয়োকেরেশ দুটি ভালো হেডের সুযোগ পেলেও লক্ষ্যভ্রষ্ট হন।
বিরতির পর দৃশ্যপট পুরো বদলে যায়। ৪৮তম মিনিটে কর্নার থেকে আসা বল ধরতে গিয়ে গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেসের ভুলে গাব্রিয়েলের শরীরে লেগে বল জালে জড়ায়। ভিলার ফাউলের দাবিকে ভিএআর নাকচ করে দিলে গোলটি বৈধ হয়।
চার মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন সুবিমেন্দি। মার্টিন ওডেগোরের থ্রু পাস থেকে প্রথম ছোঁয়ার শটে তিনি পরাস্ত করেন মার্তিনেসকে। এরপর ৬৫তম মিনিটে ওডেগোরের শট ঝাঁপিয়ে ঠেকান ভিলার গোলরক্ষক।
৭২তম মিনিটে ডি-বক্সের বাইরে থেকে দুর্দান্ত শটে তৃতীয় গোল করেন ত্রোসার। এরপর বদলি হিসেবে নামা গাব্রিয়েল জেসুস মাঠে নামার মাত্র ৫৫ সেকেন্ডের মধ্যেই গোল করে জয়ের মোড় পাকাপোক্ত করেন।
যোগ করা সময়ে ওলি ওয়াটকিন্স একটি গোল করে ব্যবধান কমালেও সেটি ছিল কেবল সান্ত্বনার।
দিনের আরেক ম্যাচে ঘরের মাঠে বোর্নমাউথের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে চেলসি। ১৯ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আছে তারা। দুই পয়েন্ট বেশি নিয়ে, এক ম্যাচ কম খেলে চতুর্থ স্থানে রয়েছে লিভারপুল।