খালেদা জিয়ার মৃত্যুতে কমনওয়েলথ মহাসচিবের গভীর শোক
ফাইল ছবি
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন কমনওয়েলথের মহাসচিব শার্লি বোচওয়ে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দিবাগত রাত ১টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এই শোকবার্তা জানান।
শোকবার্তায় কমনওয়েলথ মহাসচিব বলেন, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পরিবারের প্রতি আমি গভীর সমবেদনা জানাই। এই শোকের সময়ে আমাদের হৃদয় ও সহমর্মিতা বাংলাদেশের মানুষের সঙ্গে রয়েছে।
এদিকে, বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র, পাকিস্তান, ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশ শোক প্রকাশ করেছে। আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতেও গুরুত্বের সঙ্গে প্রকাশ করা হয়েছে তাঁর মৃত্যুর সংবাদ।
এর আগে মঙ্গলবার সকাল ৬টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।