রাজবাড়ীতে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত
ফাইল ছবি
রাজবাড়ীর কালুখালীতে ট্রাকচাপায় মো. আলমাছ শেখ (৩০) এক যুবক নিহত হয়েছেন। নিহত আলমাছ জেলার গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের মো. করিম শেখের ছেলে।
বুধবার বেলা পৌনে ১২টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের কালুখালী উপজেলার দুর্গাপুর নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। এতে নছিমনের সাত যাত্রী আহত হয়েছেন। আহতদের রাজবাড়ী জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নছিমন চালক মো. মুকুল হোসেন বলেন, আমরা নছিমন নিয়ে নাটোরের লালপুর থেকে গোয়ালন্দের দিকে যাচ্ছিলাম। পাংশা হয়ে কালুখালী উপজেলার দুর্গাপুর বাসস্টান্ড এলাকায় আসলে রাজবাড়ীর দিক থেকে আসা একটি ট্রাক নিয়ন্ত্রণ হারায়। অবস্থা দেখে আমি নছিমন খাদে নামিয়ে দেই। পেছনে বসা আলমাছ ছিটকে পড়ে। তখন ট্রাকটি আলমাছকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হন।
নাম প্রকাশ না করার শর্তে ঘটনাস্থলে থাকা এক ব্যক্তি বলেন, রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে দুর্ঘটনা বেড়েছে। কালুখালী হাইওয়ে থানা পুলিশের বিরুদ্ধে বিভিন্ন কথা শোনা যায়। মূূলতো সড়কে তাদের নিয়ন্ত্রণ নেই। সড়ক নিরাপদ করার দাবি নাম প্রকাশে অনিচ্ছুক ওই ব্যক্তির।
পাংশা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাকসুদুর রহমান মুরাদ বলেন, ধারণা করা হচ্ছে ট্রাকের নিচে চাপা পড়ে আলমাস মারা গেছেন। এ ব্যাপারে আইনগত প্রক্রিয়া চলমান।