‘সকল সম্প্রদায়ের মধ্যে ঐক্য সম্প্রীতি সুদৃঢ় করতে বদ্ধপরিকর সরকার’
ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন
ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, এ দেশ হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সকলের। অন্তর্বর্তী সরকার সকল সম্প্রদায়ের মধ্যে ঐক্য সম্প্রীতি সুদৃঢ় করার ব্যাপারে বদ্ধ পরিকর।
শুক্রবার দুপুরে চট্টগ্রাম নগরীর প্যারেড মাঠে বৌদ্ধদের তৃতীয় সর্বোচ্চ ধর্মীয় গুরু সংঘরাজ ড. জ্ঞানশ্রী মহাস্থবিরের ‘জাতীয় অনিত্য সভা ও স্মৃতিচারণ’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ধর্ম উপদেষ্টা বলেন, ড. জ্ঞানশ্রী মহাথের একজন মানবিক, কল্যাণকামী মানুষ হিসেবে যে গুণাবলি আমাদের মাঝে রেখে গেছেন, তা এক বিরল দৃষ্টান্ত। তিনি কোনো সাধারণ মানুষ নয়, একজন মহাপুরুষ। বিগত একশত বছর তিনি ধর্ম কাজে নিজেকে উৎসর্গ করেছেন। অন্তর্বর্তী সরকার দেশে যতগুলো বৌদ্ধ বিহার আছে, প্রত্যেকটিতে অনুদান দিতে চেষ্টা করেছে।
এর আগে, গত ১৩ নভেম্বর চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পরলোক গমন করেন বৌদ্ধদের তৃতীয় সর্বোচ্চ ধর্মগুরু ও সমাজসেবায় একুশে পদকপ্রাপ্ত জ্ঞানশ্রী মহাথেরো। তিনি একজন শতবর্ষী বৌদ্ধ ভিক্ষু। সারাজীবন মানুষের কল্যাণে কাজ করে গেছেন। ১৯২৫ সালের ১৮ নভেম্বর চট্টগ্রামের রাউজান উপজেলার উত্তর গুজরা গ্রামে জন্ম গ্রহণ করেন।