চট্টগ্রাম-২: বিএনপি-জামায়াতসহ তিন প্রার্থী বৈধ, বাতিল তিন
ফাইল ছবি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে যাচাই-বাছাই শেষে তিন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। এছাড়া তিন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে এবং তিন প্রার্থীর কাগজপত্রের ঘাটতি পূরণে সময় দেওয়া হয়েছে।
শুক্রবার রিটার্নিং কর্মকর্তা কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে আসনটিতে ৯ প্রার্থী মনোনয়নপত্র জমা দেন।
এর মধ্যে বিএনপির প্রার্থী সরওয়ার আলমগীর, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মোহাম্মদ নুরুল আমিন ও জনতার দলের মোহাম্মদ গোলাম নওশের আলীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।
অপরদিকে, মনোনয়নপত্র বাতিল করা তিন প্রার্থী হলেন, স্বতন্ত্র প্রার্থী জিন্নাত আকতার, স্বতন্ত্র প্রার্থী আহমদ কবির ও বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী এইচ এম আশরাফ বিন ইয়াকুব।
রিটার্নিং কর্মকর্তা জানান, প্রয়োজনীয় এক শতাংশ ভোটারের সমর্থন তালিকায় গুরুতর গরমিল পাওয়ায় স্বতন্ত্র প্রার্থী জিন্নাত আকতারের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
স্বতন্ত্র প্রার্থী আহমদ কবির মনোনয়নপত্রের সঙ্গে প্রয়োজনীয় নথিপত্র জমা না দেওয়ায় তার মনোনয়ন বাতিল করা হয়। বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী এইচ এম আশরাফ বিন ইয়াকুবের পূরণ করা ফরম অসম্পূর্ণ ছিল। সেই সঙ্গে দলীয় মনোনয়নপত্রের পক্ষে প্রয়োজনীয় কাগজপত্র ও দলীয় প্রত্যয়ন সঠিক না থাকায় তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
এছাড়া, কাগজপত্রে কিছু ঘাটতি থাকায় তিন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ বা বাতিল না করে প্রয়োজনীয় নথি দাখিলের জন্য সময় দেওয়া হয়েছে। তারা হলেন, বাংলাদেশ সুপ্রিম পার্টির (বিএসপি) শাহজাদা সৈয়দ সাইফুদ্দিন আহমদ মাইজভান্ডারি, বাংলাদেশ সুপ্রিম পার্টির মো. ওসমান আলী ও গণঅধিকার পরিষদের প্রার্থী রবিউল হাসান।