ময়মনসিংহে তিনটি আসনে পাঁচ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল
ফাইল ছবি
ময়মনসিংহে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র যাচাই-বাছাই শুরু হয়েছে। প্রথম দিন ময়মনসিংহ-১, ২ ও ৩ আসনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়। এর মধ্যে ৫ জনের মনোনয়ন বাতিল করা হয়েছে।
শুক্রবার সকাল থেকে বিকেল ৪টা পর্যন্ত তিন দফায় জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এ কার্যক্রম চলে।
ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসন থেকে ৯ প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। এর মধ্যে বাংলাদেশ লেবার পার্টির প্রার্থী মুহাম্মদ রাশেদুল হক ঋণখেলাপি ও মামলার তথ্য গোপন করায় তার মনোনয়ন বাতিল করা হয়।
ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনে ৯ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। এর মধ্যে ৭ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। স্বতন্ত্র প্রার্থী শাহ্ শহীদ সারোয়ার আয়কর রিটার্ন ও সম্পদ বিবরণী না দেওয়ায় তার মনোনয়ন বাতিল করা হয়। এ আসনের আরেক স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আবু বকর ছিদ্দিক চালানের মূল কপি ও মোট ভোটারের ১ শতাংশ সমর্থন সূচক কাগজপত্র দিতে না পারায় তার মনোনয়নপত্রও বাতিল করা হয়।
ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনের ৭ প্রার্থীর মনোনয়ন যাচাই-বাছাই হয়। এর মধ্যে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির মো. আবু তাহের খান হলফনামায় মামলাসংক্রান্ত তথ্য না দেওয়ায় ও সম্পদের বিবরণী না দেওয়ায় তার মনোনয়নপত্র বাতিল করা হয়। ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. শরিফুল ইসলাম মনোনয়নপত্রে সম্পদের স্থাবর ও অস্থাবর সম্পদের বিবরণী না থাকায় তার মনোনয়নও বাতিল ঘোষণা করা হয়।
রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম বলেন, নানা ত্রুটি থাকায় তিনটি আসনের ৫ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।