স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করতে এসে ২ আওয়ামী লীগ নেতা গ্রেফতার

স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করতে এসে ২ আওয়ামী লীগ নেতা গ্রেফতার

প্রতিকি ছবি

পাবনা-১ (সাঁথিয়া-বেড়ার একাংশ) আসনের স্বতন্ত্র প্রার্থী ও সাবেক তথ্য প্রতিমন্ত্রী অধ্যাপক আবু সাইয়িদের পক্ষে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে অংশ নিতে এসে গ্রেফতার হয়েছেন আওয়ামী লীগ ও শ্রমিক লীগ নেতা। শুক্রবার (২ জানুয়ারি) বিকেলে পাবনা জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) তাদের গ্রেফতার করে।

এরা হলেন সাঁথিয়া পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম প্রামাণিক এবং সাঁথিয়া পৌরসভা শ্রমিক লীগের সভাপতি শাহীন হোসেন।

পাবনা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশিদুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, সাঁথিয়া থানার একটি নিয়মিত মামলায় তাদের গ্রেফতার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে দ্রুতই তাদের আদালতে সোপর্দ করা হবে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার বিকেলে পাবনা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার নির্ধারিত মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের নির্ধারিত সময় ছিল। গ্রেফতারকৃত দুই নেতা অধ্যাপক আবু সাইয়িদের মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের কার্যক্রমে অংশ নিতে জেলা প্রশাসকের কার্যালয়ে এসেছিলেন। কার্যক্রম শেষে বের হওয়ার সময় গোয়েন্দা পুলিশের একটি দল তাদের আটক করে নিয়ে যায়।

এ বিষয়ে প্রার্থী অধ্যাপক আবু সাইয়িদের মুঠোফোনে বার বার চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি।