পঞ্চগড়ে জাগপাসহ ৭ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

পঞ্চগড়ে জাগপাসহ ৭ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

ফাইল ছবি

পঞ্চগড়ে দুটি সংসদীয় আসনে জাতীয় গণতান্ত্রিক পার্টিসহ (জাগপা) সাত প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। একই সময় ১২ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক কাজী মো. সায়েমুজ্জামান এ তথ্য জানান।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, পঞ্চগড়-১ আসনে ৮ জনের মধ্যে ৭ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। তারা হলেন, বিএনপির আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক সম্পাদক ও প্রার্থী ব্যারিস্টার নওশাদ জমির, এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ও ১১ দলীয় জোটের হয়ে শাপলা কলির সারজিস আলম, বাংলাদেশ লেবার পার্টির ফেরদৌস আলম, বাংলাদেশ ন্যাশনাল ফ্রন্টের সিরাজুল ইসলাম, বাংলাদেশ সুপ্রিম পার্টির আব্দুল ওয়াদুদ বাদশা, গণঅধিকার পরিষদের মাহাফুজার রহমান, বাংলাদেশ জাসদের নাজমুল হক প্রধান।

এদিকে এ আসনে জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপার প্রার্থী আল রাশেদ প্রধানের প্রার্থিতা বাতিল করা হয়েছে। অন্যদিকে পঞ্চগড়-২ আসনে ১১ জনের মধ্যে ৫ জনের মনোনয়পত্র বৈধ ঘোষণা করা হয়েছে। তারা হলেন, বিএনপির পল্লী উন্নয়ন বিষয় সম্পাদক ও বিএনপির প্রার্থী ফরহাদ হোসেন আজাদ, জামায়াতে ইসলামীর সফিউল আলম, ইসলামী আন্দোলনের কামরুল হাসান প্রধান, বাংলাদেশ জাসদের এমরান আল আমিন, বাংলাদেশ সুপ্রিম পার্টির দেলোয়ার হোসেন।

তবে হলফনামায় ত্রুটি থাকায় এ আসনের জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপার প্রার্থী আল রাশেদ প্রধান, স্বতন্ত্র প্রার্থী রহিমুল ইসলাম বুলবুল, মাহমুদ হোসেন সুমন, লিবারেল ডেমোক্রেটিক পার্টি প্রার্থী রেজাউল ইসলাম, জাতীয় পার্টির লুৎফর রহমান রিপন, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির আশরাফুল আলমের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

উল্লেখ্য,জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপার প্রার্থী আল রাশেদ প্রধান পঞ্চগড়-১, পঞ্চগড়-২ আসন থেকে মনোনয়পত্র সংগ্রহ করেছিলেন।

রিটার্টিং কর্মকর্তা কাজী মো. সায়েমুজ্জামান বলেন, যাচাই-বাছাই শেষে দুইটি আসনে ১৯ জনের মধ্যে ১২ জনের মনোনয়নপত্র বৈধ হিসেবে ঘোষণা করা হয়েছে। বাকি ৭ জনের মনোনয়নপত্র ত্রুটি থাকায় তাদের মনোনয়ন বাতিল করা হয়েছে।